কালবেলা · সাধারণ
বগুড়ায় এনসিপির কার্যালয়ে আগুন
১৫/১০/২০২৬

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কার্যালয়ে পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়।
বুধবার (১৪ অক্টোবর) রাতে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠসংলগ্ন এনসিপির জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, তিনজন যুবক কার্যালয়ে তেল বা পেট্রোল জাতীয় কিছু ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন এবং অপর একজন পুরো দৃশ্যটি মুঠোফোনে ধারণ করছেন। রাতের অন্ধকারে তাদের মুখমণ্ডল অবশ্য স্পষ্ট বোঝা যায়নি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বগুড়া জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মাহমুদ বলেন, দিবাগত রাত ১টা থেকে দেড়টার দিকে দুর্বৃত্তরা অত্যন্ত ন্যক্কারজনকভাবে এ ঘটনা ঘটিয়েছে। আমরা সকালে এসে বিষয়টি দেখতে পেয়ে প্রশাসনকে অবহিত করেছি। পুলিশ প্রশাসন বিষয়টি দেখছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতে যোগাযোগ করা হয়েছে, তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সুলতান মাহমুদ আরও বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বিদ্যমান। তারাই এ ধরনের ঘটনা ঘটাতে পারে। এছাড়া অভ্যুত্থান থেকে গড়ে ওঠা এই দলকে বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে। তবে সুনির্দিষ্টভাবে এই মুহূর্তে কারও নাম বলা মুশকিল। প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখবে।
এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। তারা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির জেলা শাখা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে এনসিপি বগুড়া জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএস এ মাহমুদ জানান, রাজনৈতিক দলের কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক মতপার্থক্য ও আদর্শের ভিন্নতা থাকলেও আগুন দেওয়া কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হতে পারে না। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানান।
বিবৃতিতে আরও জানানো হয়, রাজনীতির মূল শক্তি হলো সহনশীলতা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জনগণের প্রতি দায়বদ্ধতা। সহিংসতা, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা দমিয়ে রাখা যায় না।
এনসিপি নেতারা বগুড়াসহ সারাদেশে সব রাজনৈতিক দলের কার্যালয়, নেতাকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি রাজনৈতিক বিরোধ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
মূল প্রতিবেদনে যান ↗