হামে আক্রান্ত হয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়ার কন্যা মেহরোজ নূর সানাহ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে খবরটি জানিয়েছেন এই অভিনেত্রী।
এ বিষয়ে সালহা খানম নাদিয়া বলেন, “আমাদের সানাহ বেবি অনেক অসুস্থ, হাম পজিটিভ। প্রচণ্ড সর্দি-জ্বরে ভুগছে, চিকিৎসা চলছে।”
বাচ্চাদের প্রতি যত্ন নেওয়ার পাশাপাশি দোয়া প্রার্থনা করে সালহা খানম নাদিয়া বলেন, “সবাই নিজের বাচ্চাদের প্রতি যত্নশীল হোন, বাচ্চাদের নিরাপদে রাখুন। সবাই আমার সানাহ বেবির জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন।”
খবরটি জেনে উদ্বিগ্ন নাদিয়ার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে সানাহর সুস্থতার জন্য দোয়া করছেন তারা।
দেশে প্রতিনিয়ত হামে আক্রান্ত হচ্ছেন মানুষ, বিশেষ করে শিশুরা। রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সি মানুষের হতে পারে, তবে শিশুরাই বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু বলে বিবেচনা করা হয়।
২০২৪ সালের ২১ জুন, সালমান আরাফাতের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আনেন নাদিয়া। সালমান আরাফাতও বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত। তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন। চলতি বছরের ১ জানুয়ারি কন্যাসন্তানের মা-বাবা হওয়ার খবর দেন এই দম্পতি। সানাহ তাদের একমাত্র সন্তান।
দেড় দশকেরও বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সালহা খানম নাদিয়া। নাটকের পাশাপাশি বিজ্ঞাপন, শর্টফিল্ম ও মিউজিক ভিডিওতে নিয়মিত অভিনয় করেছেন। চলচ্চিত্রেও তার উপস্থিতি রয়েছে। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি কলকাতার ‘সুনেত্রা সুন্দরম’ চলচ্চিত্রেও দেখা গেছে তাকে।
