কুমিল্লার লাকসামে লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে রিলিফ ট্রেনের সাহায্যে উদ্ধারকাজ শেষ হয়। তবে দুর্ঘটনাকবলিত এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে মেরামতকাজ এখনও চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন সংস্কার ও প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম রুটের আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।
এর আগে বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসামের নাওটি স্টেশনসংলগ্ন আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর থেকে ওই রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু হলেও পুরো প্রক্রিয়া শেষ করতে আরও সময় লাগে। বর্তমানে বগি উদ্ধারের কাজ শেষ হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
এদিকে দুর্ঘটনায় গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
