Published : 17 Oct 2026, 09:54 PM
Updated : 17 Oct 2026, 09:58 PM
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা সাত দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন এক চিঠির মাধ্যমে বাংলাদেশের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন বলেন, ১৭ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পণ্য পরিবহন বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছেন।
সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে পুনরায় বন্দরে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
এদিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে পারাপার করতে পারবেন।
