বুকে তীব্র ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে তিনি হাসপাতালে গিয়ে মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারসহ সংশ্লিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার (২১ অক্টোবর) রাতে বুকে তীব্র ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ড. আবদুল মঈন খান। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার সকালে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, ড. মঈন খানের অবস্থা কিছুটা সংকটাপন্ন। তার চিকিৎসায় মাল্টিডিসিপ্লিনারি পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
