খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ছদুরখীল এলাকায় প্রতিষ্ঠিত ‘ছদুরখীল নবীন সংঘের’ উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ স্থানীয় ৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ছদুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেমিনার কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াদুদ ভুঁইয়া ফাউন্ডেশনের উপজেলা সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুদ উজ জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মোজাফফর হোসেন, স্থানীয় সর্দার মোসলেম উদ্দিন, মারমা সমাজের প্রতিনিধি আব্রে মারমা, স্থানীয় কার্বারী চাইহ্লাপ্রু মারমা, সাবেক সর্দার আবদুল জব্বার, সাংবাদিক মো. রবিউল হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও অভিভাবক চিংক্রাবাই চৌধুরী।
বক্তারা বলেন, 'প্রত্যন্ত এই এলাকার শিক্ষার্থীরা নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তাদের উৎসাহিত করতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অন্যদেরও ভালো ফলাফলে অনুপ্রাণিত করবে'। শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।
আলোচনা শেষে সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবক এবং সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
