বার্সেলোনার জালে চার গোল, চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয়, প্যারিস সেন্ট জার্মেইয়ের উৎসবের উপলক্ষের অভাব ছিল না। কিন্তু সেই আনন্দে বড় ধাক্কা দিয়েছে তিন তারকার চোট। কয়েক সপ্তাহ খেলতে পারবেন না উসমান দেম্বেলে ও অধিনায়ক মার্কিনিওস। খভিচা কাভারাতসখেলিয়াকে তো এই মৌসুমে পাওয়া নিয়েই শঙ্কা।
মঙ্গলবার পার্ক দে প্রিন্সেসে বার্সেলোনাকে ৪–২ গোলে হারিয়েছে টানা দুইবারের ইউরোপসেরা দলটি। তবে ম্যাচের শুরু থেকে একের পর এক খেলোয়াড়ের চোটে জয়ের আনন্দ ফিকে হতে থাকে। প্রথমে দেম্বেলে, পরে কাভারাতসখেলিয়া ও মার্কিনিওসকে হারান কোচ লুইস এনরিকে।
সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে কাভারাতসখেলিয়ার চোটে। জর্জিয়ান উইঙ্গারের ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে। অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। ফলে বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে পিএসজির আক্রমণভাগের অন্যতম ভরসাকে।
এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, ‘বার্সেলোনার বিপক্ষে গতকালের ম্যাচে খভিচা কাভারাতসখেলিয়ার ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে। আগামী কয়েক দিনের মধ্যে তার অস্ত্রোপচার হবে।’
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে জাভি এসপার্তকে ট্যাকল করতে পেছনে ছুটে এসেছিলেন কাভারাতসখেলিয়া। সেই চেষ্টার পর বেকায়দায় মাটিতে পড়ে হাঁটুতে আঘাত পান তিনি। হাঁটু চেপে ধরে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাকে। ম্যাচের প্রায় এক ঘণ্টার মাথায় তাকে তুলে নেওয়া হয়। একই সময়ে মাঠ ছাড়েন ৩২ বছর বয়সী মার্কিনিওসও। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের ডান ঊরুর পেশিতে চোট লেগেছে।
এর আগেই থেমে যায় দেম্বেলের ম্যাচ। ১৯তম মিনিটে বাঁ দিক দিয়ে ছুটে যাওয়ার পর হঠাৎ বাঁ ঊরুর পেছনের অংশ চেপে ধরেন গত বছরের ব্যালন ডি’অরজয়ী। তার বাঁ ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে। দেম্বেলে ও মার্কিনিওস, দুজনকেই কয়েক সপ্তাহ বাইরে থাকতে হবে।
দেম্বেলেকে নিয়ে বাড়তি সতর্কতার পরও এই চোট এড়াতে পারল না পিএসজি। গত মৌসুমে ফরাসি লিগে তাকে বেছে বেছে খেলিয়েছিলেন এনরিকে। চলতি মৌসুমেও লিগ আঁ-তে এরই মধ্যে দুবার বিশ্রাম দিয়েছেন ফরাসি ফরোয়ার্ডকে।
বিশ্বকাপে ছয় গোল করা দেম্বেলে গত মৌসুমেও চোটে ভুগেছেন। আগের ক্লাব বার্সেলোনায় থাকার সময় পায়ের পেশির চোট বারবার তার ছন্দে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে ব্যালন ডি’অর জেতানো ২০২৪–২৫ মৌসুমে ক্যারিয়ারে প্রথমবার সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচ খেলেছিলেন তিনি। অন্যদিকে কাভারাতসখেলিয়াও গত মৌসুমে ডান গোড়ালির চোটে পড়েছিলেন। এবার তার সামনে আরও দীর্ঘ বিরতি।
এই তিনজনকে ছাড়াই রোববার লিগ আঁ-তে লিওঁর বিপক্ষে নামতে হবে পিএসজিকে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দলের পয়েন্ট সমান।
