নিজস্ব চিত্রছবি: কৌশিক রায়
Published on
:
1 min read
ধর্মতলার বাস স্ট্যান্ডে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ মাদক। পুজোর মরশুমে কলকাতা শহরের প্রাণকেন্দ্র থেকে মাদক উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সূত্রের খবর, পুলিশের কাছে খবর ছিল পুজোর মধ্যেই মাদক ঢুকছে কলকাতা শহরে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, শনিবার সন্ধ্যায় অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে আটক করা হয় দু’জনকে। তাঁদের সঙ্গেই ২টি ট্রলিও আটক করা হয়।
সূত্রের খবর, তল্লাশি চালিয়ে দেখা যায় ওই ২টি ট্রলিতে ঠাসা রয়েছে মাদক। সূত্রের খবর, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কলকাতা শহরে ওই মাদক ঢুকলেও গন্তব্য ছিল চন্দননগর। মনে করা হচ্ছে, জগদ্ধাত্রী পুজোর সময় বেছে নিয়ে মাদক কারবারীরা এই পাচার করছিল। সূত্রের খবর, ওডিশা থেকে এই মাদক এসেছে। দিঘার রুট ধরে বাসে করে কলকাতায় আনা হয়েছে মাদক। এখান থেকে চন্দননগরের দিকে যাওয়ার পরিকল্পনা ছিল। যে দু’জন মাদক পাচার করছিল, তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
মাদকের রুট ধরে আরও বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছে কলকাতা পুলিশের এসটিএফ। কারা ওডিশা থেকে মাদক পাঠিয়েছিল? চন্দননগরে কাদের কাছে যাচ্ছিল? যারা এই পাচারের কাজ করছিল, তারা কারা? তদন্তে নেমে সব দিক খতিয়ে দেখছে পুলিশ।