এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করার সুযোগ এখন বাংলাদেশের। আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে ভালো করার লক্ষ্য দলের। এই প্রতিযোগিতায় জয় পেলে পরের টুর্নামেন্টগুলোতে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবেন ক্রিকেটাররা, মনে করেন মোসাদ্দেক হোসেন।
আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ২০১৯ সালের ত্রিদেশীয় সিরিজের প্রসঙ্গ টেনেছেন বাংলাদেশের এই ক্রিকেটার। সেবার আয়ারল্যান্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই সাফল্য এবারও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন মোসাদ্দেক। তিনি বলেন, ‘২০১৯ সালের ত্রিদেশীয় সিরিজ আমাদের জন্য একটা অনুপ্রেরণা। সামনে এশিয়া কাপ, এরপর বিশ্বকাপ। এই ত্রিদেশীয় সিরিজগুলো জিততে পারলে আমার কাছে মনে হয়, আমরা সামনে অনেক আত্মবিশ্বাস পাব।’
তবে প্রতিপক্ষকে খাটো করে দেখার সুযোগ নেই বলেও মনে করেন মোসাদ্দেক। তাঁর মতে, ওয়ানডে ক্রিকেটে দলগুলোর মধ্যে ব্যবধান কমে এসেছে। সাম্প্রতিক সময়ে সব দলই ভালো খেলছে। মোসাদ্দেক বলেন, ‘আধুনিক ক্রিকেটে কোনো দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। আধুনিক ক্রিকেটে কোনো দেশ বা দলকেই ছোট বলা যাবে না। সাম্প্রতিক সময়ে সবাই ওয়ানডে ফরম্যাটে খুব ভালো করছে।’
ত্রিদেশীয় সিরিজে নিজেদের পারফরম্যান্সের উন্নতিতেই বেশি গুরুত্ব দিচ্ছেন মোসাদ্দেক। এখানে ভালো করতে পারলে এশিয়া কাপ ও বিশ্বকাপের কঠিন পরিস্থিতি সামলানো সহজ হবে বলে মনে করেন তিনি। মোসাদ্দেক বলেন, ‘আমার কাছে মনে হয়, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, এখানে আমরা কত ভালো করতে পারি। এশিয়া কাপ কিংবা এশিয়া কাপের পরে বিশ্বকাপে যে চ্যালেঞ্জ আসবে, এই সময়গুলোতে দল হিসেবে ভালো করতে পারলে সেগুলো আমাদের জন্য সহজ হবে।’
দলের সাফল্যের জন্য ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন মোসাদ্দেক। তাঁর মতে, মাঠে দল হিসেবে ভালো খেলতে পারলেই নিজেদের সামর্থ্য প্রমাণ করা সম্ভব। তিনি বলেন, ‘আমরা যদি মাঠের ক্রিকেটটা ভালো খেলতে পারি, সেটা অনেক কিছুই প্রমাণ করে দেবে, আমরা কতটা ভালো দল। সেই জায়গা থেকে আমাদের সবাইকে মিলে প্রমাণ করতে হবে, দল হিসেবে আমরা কত ভালো খেলতে পারছি। ক্রিকেট কোনো ব্যক্তিগত খেলা নয়, এটা পুরোপুরি দলীয় খেলা। তাই দল হিসেবে আমরা কতটা ভালো করতে পারছি, সেটাই আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
