সৌদি আরবে আবাসন অনুমতি (আকামা), শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একই সময়ে দেশজুড়ে অভিযান চালিয়ে ১৩ হাজার ৯০০ জনের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ১৩ হাজার ৯০০ জনের বেশি প্রবাসীকে আটক করা হয়। তাদের মধ্যে ৭ হাজার ৯৩৪ জনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৫০০ জনের বেশি আবাসনসংক্রান্ত বিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া প্রায় ৩ হাজার ৭৫০ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন এবং প্রায় ৩ হাজার ৫০০ জনের বিরুদ্ধে শ্রম আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
অভিযান চলাকালে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করায় ১ হাজার ৮৮১ জনকে আটক করা হয়। এ ছাড়া দেশটি থেকে অবৈধভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টার সময় গ্রেপ্তার হন আরও ২২ জন। অবৈধ প্রবাসীদের আশ্রয়, কাজ কিংবা যাতায়াতে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ২১ জনকে।
আইনি প্রক্রিয়ায় হাজারো প্রবাসী
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রায় ৩৭ হাজার ৫০০ প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে দুই হাজারের বেশি নারী রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে ২০ হাজারের বেশি প্রবাসীকে নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। তাদের পাসপোর্ট বা দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের ব্যবস্থা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সাম্প্রতিক অভিযানে ফেরত পাঠানো প্রবাসীদের মধ্যে কোন দেশের নাগরিক কতজন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।
অবৈধ প্রবাসীদের সহায়তায় কঠোর শাস্তি
অবৈধভাবে সৌদি আরবে অবস্থানরত ব্যক্তিদের আশ্রয় দেওয়া, চাকরি দেওয়া কিংবা অন্য কোনোভাবে সহায়তা করা থেকে বিরত থাকতে নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সতর্কবার্তা অনুযায়ী, এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও বাড়িঘর বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে। অপরাধীদের পরিচয় প্রকাশ করার ব্যবস্থাও নেওয়া হতে পারে।
অবৈধভাবে অবস্থানরত প্রবাসীদের আশ্রয় দেওয়া বা আইন লঙ্ঘনে সহায়তার কোনো ঘটনা চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে সৌদি সরকার। এ ধরনের অভিযোগ জানানোর জন্য দেশটিতে বিশেষ হটলাইনও চালু রয়েছে।
সৌদি আরবে বসবাস ও কাজের অনুমতি-সংক্রান্ত নিয়ম কার্যকর করা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নিয়মিত এসব অভিযান পরিচালনা করছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সূত্র: গালফ নিউজ
খুলনা গেজেট/উউরা
