ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আঞ্চলিক বিভিন্ন পক্ষের কাছ থেকে উন্নত সামরিক সহযোগিতা পাচ্ছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের সামরিক কর্মকর্তা এবং সৌদি-ইয়েমেন প্রতিরক্ষা জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।
গত কাল বৃহস্পতিবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে মেজর জেনারেল আল-মালিকি বলেন, “সন্ত্রাসী হুথি গোষ্ঠী সুপরিকল্পিতভাবে বিভিন্ন আঞ্চলিক পক্ষগুলোর সহায়তায় উন্নত প্রযুক্তি সংগ্রহ করেছে। তারা সম্ভবত বিশ্বের প্রথম সন্ত্রাসী গোষ্ঠী, যাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন, আত্মঘাতী ড্রোন এবং বিস্ফোরক বোঝাই দ্রুতগামী নৌযানের মতো অস্ত্রশস্ত্র ও সামরিক সরকঞ্জাম রয়েছে।”
“প্রতিবেশী দেশগুলোতে হামলার সুবিধার জন্য হুথিরা সানা, সা’দা ও আমরানের পার্বত্য অঞ্চলে হুথিরা বেশ কিছু গুদামগুলো তৈরি করেছে। সৌদি জোট বর্তমানে এগুলো ধ্বংস করছে এবং ইতোমধ্যে ১২৭টি অস্ত্র-গোলাবারুদের গুদাম ধ্বংস করা হয়েছে।”
আল-মালিকি জানান, সৌদি-ইয়েমেন সামরিক জোট এমন সব স্থাপনা ও ড্রোন-ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের নেটওয়ার্ক ধ্বংস করার জন্য কাজ করছে, যা বিভিন্ন হামলার কাজে ব্যবহার করা হয়।
“জোটের সম্মিলিত বাহিনী এই নেটওয়ার্কটিকে ভেঙে ফেলার জন্য কাজ করে যাচ্ছে। তারা সার্বক্ষণিক কার্যকর গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে পার্বত্য এলাকায় অবস্থিত গুদামগুলো এবং বিভিন্ন স্থায়ী ও ভ্রাম্যমাণ উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করার পাশাপাশি, এই সক্ষমতাগুলোর সঙ্গে জড়িত সংশ্লিষ্ট অস্ত্র-ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ও পরিচালনাকারীদের নির্মূল করার লক্ষ্যে কাজ করছে।”
ব্রিফিংয়ে তিনি আরও জানান, ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১৫ দিনে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে হুথি গোষ্ঠী। রিয়াদের পাশাপাশি দাম্মাম, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা করেছে হুথিরা।
এসব হামলায় নিহত হয়েছেন ১৯ জন এবং আহত হয়েছেন মোট ৩৬৪ জন। গত কাল বৃহস্পতিবার এক ব্রিফিয়ে এ তথ্য দিয়েছেন।
বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনার ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বৃহস্পতিবারের ব্রিফিংয়ে মেজর জেনারেল আল-মালিকি বলেন, “আমরা হুথি সন্ত্রাসী মিলিশিয়াদের এই কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাই। তারা সৌদি আরবের বেসামরিক নাগরিক ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে—যার মধ্যে গত শনিবার (১০ অক্টোবর, ২০২৬) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের হামলাটিও রয়েছে। তারা নিয়মিতভাবে বিভিন্ন বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে জঘন্য সব কর্মকাণ্ড চালাচ্ছে এবং সৌদি আরবের বহু বিমানবন্দর, বন্দর ও তেল স্থাপনায় হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
গত ১৫ দিনের হুথি হামলায় নিহতদের স্বজনদের প্রতি শোক জানিয়ে ব্রিফিংয়ে মেজর জেনারেল আল-মালিকি বলেন, “এই জঘন্য হামলায় যারা প্রাণ হারিয়েছেন, সেই শহীদদের পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি আমরা গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তাদের ওপর তাঁর অশেষ রহমত বর্ষণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন।”
সূত্র : আরব নিউজ
এসএমডব্লিউ
