নভেম্বরের শুরুতে সাপ্তাহিক ছুটি, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে দেশের স্কুল-কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ে টানা তিন দিনের ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। ছুটির তালিকা অনুযায়ী, ৬ নভেম্বর শুক্রবার, ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর রোববার শ্যামাপূজা পালিত হবে।
২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ছুটির তালিকায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর শ্যামাপূজার ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা তিন দিন ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য।
তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির বিষয়ে ভিন্নতা থাকতে পারে। কারণ, বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব শিক্ষাপঞ্জি অনুযায়ী ছুটি নির্ধারণ করে। ফলে সব বিশ্ববিদ্যালয়ে একই সময়ে টানা তিন দিনের ছুটি থাকবে কি না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটির তালিকার ওপর।
অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই। ফলে মাদরাসার শিক্ষার্থীদের জন্য এ ছুটি কার্যকর হবে কি না, তা নিশ্চিত নয়। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও সংশ্লিষ্ট অধিদপ্তরের নির্ধারিত ছুটির তালিকা অনুসরণ করতে হবে।
এমএম/
