যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে যুব ফুটবল খেলার মাঠে পিকআপ ঢুকে ধাক্কা দেওয়ার ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
শনিবার (১৭ অক্টোবর) স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে উইচিটা পুলিশ।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
পুলিশ জানায়, কালো রঙের শেভ্রোলেট সিলভেরাডো পিকআপ চালিয়ে মাঠে ঢুকে পড়েন এক চালক। ঘটনার পর তাকে গ্রেফতার করা হয়েছে।
উইচিটা পুলিশের ক্যাপ্টেন অ্যারন মোজেস বলেন, ‘ঘটনাস্থলে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া আরও কয়েকজন হতাহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত গাড়িটি ঘটনাস্থলেই ছিল। চালকও পুলিশের হেফাজতে রয়েছেন। ওই চালকের কাছ থেকে জনসাধারণের জন্য নতুন করে কোনো ঝুঁকি নেই।