যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বৈঠকের আগে ডলারের দরপতনের মধ্যে শক্তিশালী হয়েছে জাপানের মুদ্রা ইয়েন। আগামী সপ্তাহে বিশ্বের কয়েকটি প্রধান কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসব বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখা হলেও ভবিষ্যতে সুদের হার বাড়ানোর ইঙ্গিত আসতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকেরা।
বিজ্ঞাপন
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের দ্রুত প্রবৃদ্ধি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী রাখবে—এমন ধারণা থেকে বিনিয়োগকারীরা সাম্প্রতিক সময়ে ডলারের প্রতি বেশি আগ্রহী ছিলেন। তাদের ধারণা ছিল, অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী থাকলে যুক্তরাষ্ট্রে সুদের হার দীর্ঘ সময় ধরে তুলনামূলক বেশি থাকবে।
তবে এআই খাতের ঋণ ও শেয়ারবাজারে সাম্প্রতিক অস্থিরতা ডলারের প্রতি বিনিয়োগকারীদের সেই আস্থায় কিছুটা প্রভাব ফেলেছে। ফলে ডলারের দরেও দুর্বলতা দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এশিয়ার বাজারে ডলারের বিপরীতে ইয়েনের দাম বেড়ে প্রতি ডলারে ১৫৭ দশমিক ৩ ইয়েনে পৌঁছায়। অক্টোবরজুড়ে সীমিত পরিসরে ওঠানামার পর ইয়েনের দাম ৫০ দিনের গড় বিনিময় হারের সীমা অতিক্রম করে। এর আগে ব্রিটিশ পাউন্ড, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মুদ্রার দামও বেড়েছিল।
সিডনিভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান এটিএফএক্স গ্লোবালের প্রধান বাজার কৌশলবিদ নিক টুইডেল বলেন, ডলারের বিপরীতে ইয়েনের দাম আর বাড়ছে না—এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের কেউ কেউ ডলারে তাঁদের বিনিয়োগ কমিয়ে আনছেন।
কানাডা ও নিউজিল্যান্ডের মুদ্রার দামও বেড়েছে
বিজ্ঞাপন
কানাডার কেন্দ্রীয় ব্যাংক আগামী সপ্তাহে সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশায় কানাডীয় ডলারের দাম বেড়েছে। বৃহস্পতিবার প্রতি মার্কিন ডলারের বিপরীতে কানাডীয় ডলারের বিনিময় হার দাঁড়ায় ১ দশমিক ৪০৩১, যা এক মাসের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটেনে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির কারণে ব্রিটিশ পাউন্ডের দামও সমর্থন পেয়েছে। সপ্তাহের শুরুতে এক মাসের মধ্যে সর্বোচ্চ ১ দশমিক ৩৪০৯ ডলারে ওঠার পর বৃহস্পতিবার পাউন্ডের দাম দাঁড়ায় ১ দশমিক ৩৪০৩ ডলার।
বিজ্ঞাপন
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক আগামী সপ্তাহে সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশায় দেশটির মুদ্রা কিউইয়ের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ ৫৭ দশমিক ০৯ মার্কিন সেন্টে উঠেছিল। পরে তা কমে ৫৬ দশমিক ৯৮ সেন্টে দাঁড়ায়।
ইউরোর দরপতন থেমেছে
এক মাস ধরে ডলারের বিপরীতে দুর্বল থাকা ইউরোর দাম আপাতত স্থিতিশীল হয়েছে। ফ্রান্সের বাজেটসংক্রান্ত উদ্বেগ এবং ইউরোপের জ্বালানি নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা ইউরোর বিপরীতে অবস্থান নিয়েছিলেন।
বিজ্ঞাপন
বুধবার ফ্রান্সের ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হার ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। দেশটিতে সরকারি পরিষেবায় ব্যয় কমানোর পরিকল্পনাকে কেন্দ্র করে সাম্প্রতিক অস্থিরতা বাজেট ঘাটতি নিয়ন্ত্রণের রাজনৈতিক চ্যালেঞ্জ আরও স্পষ্ট করেছে।
তবে এশিয়ার বাজারে সোমবার সাময়িক দরপতন ছাড়া ইউরোর দাম মোটামুটি স্থিতিশীল ছিল এবং প্রতি ইউরোর বিপরীতে ডলারের বিনিময় হার ১ দশমিক ১২ ডলারের ওপরে ছিল।
স্পেকট্রা মার্কেটসের প্রেসিডেন্ট ব্রেন্ট ডনেলি বলেন, ইউরোর দাম উল্লেখযোগ্যভাবে কমছেও না, আবার বাড়ছেও না। তার মতে, নেতিবাচক খবরের চাপ এবং বাজারে বিনিয়োগকারীদের অবস্থান—এই দুইয়ের প্রভাব প্রায় সমান হওয়ায় ইউরোর বাজারে অচলাবস্থা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
আগামী সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকগুলোর বৈঠক
আগামী সপ্তাহে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) সুদের মূল হার ২ দশমিক ৫ শতাংশে অপরিবর্তিত রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বছরের শেষ নাগাদ সুদের হার বাড়ানো হতে পারে—এমন প্রত্যাশা ইতিমধ্যে বাজারে তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
জাপানের কেন্দ্রীয় ব্যাংকও আগামী সপ্তাহে সুদের হার অপরিবর্তিত রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগামী বছরের শুরুতে সুদের হার বাড়িয়ে ১ দশমিক ৫ শতাংশ করা হতে পারে।
অন্যদিকে, অক্টোবরের বৈঠকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে অপরিবর্তিত রাখতে পারে। তবে ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানো হতে পারে বলে বাজারে প্রত্যাশা রয়েছে।
সূত্র: রয়টার্স
এমএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
