পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা)-র আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে র্যালিটি শেষ হয়। এরপর আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উপস্থিত সকলের সামনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডকালীন জরুরি পরিস্থিতিতে কীভাবে আত্মরক্ষা ও উদ্ধার তৎপরতা চালাতে হয়, তা বাস্তব প্রদর্শনী মাধ্যমে তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাগন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি হ্রাসে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
