Published on
:
1 min read
ইঁদুর ভেবে ভয়ঙ্কর বিষধর সাপের সঙ্গে রাত কাটাল দুই শিশু। সম্পর্কে তারা ভাই-বোন। বুধবার রাতে বেঙ্গালুরুর বাগালগুন্টের কাছে ভৈরবেশ্বর নগরের একটি বাড়িতে ঘটেছে এই ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ওই ঘরে বিষধর গোখরো সাপ ঢুকে পড়েছিল রাতের অন্ধকারে। ঘুমন্ত অবস্থাতে ওই দুই শিশু ইঁদুর ভেবে ভুল করে। পরে একজন সাপুড়ে এসে ঘরের ভেতর থেকে উদ্ধার করে ওই সাপ। যদিও এই ঘটনায় কেউই আহত হয়নি।
জানা গিয়েছে, রাতে দুই ভাই-বোনের গভীর ঘুমের সময়ে সাপটি তাদের বিছানায় উঠে আসে। এমনকী তাদের উপর দিয়ে চলা ফেরাও করে। কিন্তু শিশুরা তা টেরও পায়নি। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে চাদর ভাজ করতে গেলে বালিশের নীচে ওই সাপটিকে দেখতে পায় তারা। ভয়ে ঘর থেকে বেরিয়ে মা-বাবাকে সমস্ত বিষয়টি খুলে বলে।শিশুদের কথায়, তারা বুঝতেই পারেনি ঘরে সাপ ঢুকে এসেছে। তারা ঘুমের মধ্যে কিছু নড়াচড়া করার অনুভব করলেও বিষয়টি নিয়ে চিন্তা করেনি। ওই গোখরো সাপ ওয়াশিং মেশিনের উপরে থাকা খোলা জানালা দিয়ে ভিতরে ঢুকেছিল বলে পরিবারের লোকজন মনে করছে। আনুমানিক চার থেকে পাঁচ ফুট লম্বা ছিল বলেও জানায় তারা।
পরেরদিন সকালে সাপ দেখতে পেয়ে দ্রুত নাগেন্দ্র নামের এক সাপুড়ে ফোন করেন ওই শিশুর বাবা। তিনি ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে। জানা গিয়েছে, ওই সাপটিকে পরে একটি বনের মধ্যে ছেড়ে দেওয়া হয়। পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা সাপ উদ্ধার করায় খানিকটা স্বস্তি পেয়েছেন।
নাগেন্দ্র রাতে দরজা বা জানালা খোলা না রাখার পরামর্শ দেন। এ ছাড়াও তিনি বলেন, সাপ বাড়ির জ্বালানি কাঠ, গাড়ির ইঞ্জিন, জুতো, বিছানা বা বালিশের কাছে লুকিয়ে থাকতে পারে। তাই এই জায়গাগুলি বিশেষ ভাবে নজরে রাখা উচিত।
