বান্দরবানের লামা উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার চার দিন পর গত ১৪ অক্টোবর দিবাগত রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা পুলিশের সহায়তায় পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তিন ছাত্রীকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া তিন স্কুলছাত্রী হলো—লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিম পাড়া এলাকার রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)।
বান্দরবান জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে নিজ এলাকা থেকে নিখোঁজ হয় ওই তিন ছাত্রী। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এ ঘটনায় তাদের সন্ধানে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে পুলিশ।
অনুসন্ধানের একপর্যায়ে গত ১৪ অক্টোবর দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকার ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের একটি বাসায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে তিন স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করার উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিল। তবে কী কারণে এবং কোন পরিস্থিতিতে তারা নিজ এলাকা ছেড়ে চট্টগ্রামে গিয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানায়, উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তিন স্কুলছাত্রীকে তাদের নিজ নিজ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
The post লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর appeared first on ভোরের চেতনা.
