সিলেটের ওসমানীনগরে জমি ও বাড়ির মালিকানা নিয়ে দুই ভাইয়ের বিরোধ গড়িয়েছে আদালত পর্যন্ত। এ ঘটনায় দায়ের করা স্বত্ব (বাটোয়ারা) মামলায় বিরোধপূর্ণ জমিতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে আদালত। এর পরিপ্রেক্ষিতে বিরোধপূর্ণ বাড়িটি সিলগালা করে লাল পতাকা টাঙিয়ে আদালতের আদেশ কার্যকর করা হয়েছে।
সোমবার দুপুরে সরেজমিনে উপজেলার দয়ামীর ইউনিয়নের চণ্ডিতিয়র কাজীবাড়ি গ্রামে বিরোধপূর্ণ বাড়িটি সিলগালা ও লাল পতাকা টাঙিয়ে আদালতের আদেশ কার্যকর করেন আদালতের জারিকারক মো. শফিক মিয়া।
বিজ্ঞাপন
আদালতের নথি সূত্রে জানা যায়, উপজেলার দয়ামীর ইউনিয়নের চণ্ডিতিয়র কাজীবাড়ি গ্রামের মৃত মদরিস আলীর দুই ছেলে মো. মকবুল আলী ও মো. মোফাজ্জল আলীর মধ্যে জমি ও বাড়ির মালিকানা নিয়ে বিরোধ চলছে। মকবুল আলী লন্ডনপ্রবাসী। এ বিরোধের জেরে তিনি তার আপন ভাই মোফাজ্জল আলীর বিরুদ্ধে গত ২১ জুলাই ২০২৬ তারিখে সিলেটের দেওয়ানি আদালতে স্বত্ব (বাটোয়ারা) মামলা নম্বর ৯৪/২০২৬ দায়ের করেন।
মামলার বাদীপক্ষের আবেদনে উল্লেখ করা হয়, বিরোধপূর্ণ জমি ও বাড়ি নিয়ে বিরোধের কারণে জমির শান্তিপূর্ণ ভোগদখল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি জমি থেকে উচ্ছেদ এবং বাড়ির প্রকৃতি পরিবর্তন করার আশঙ্কাও প্রকাশ করেন বাদী।

আদালত বাদীপক্ষের আবেদন ও দাখিল করা নথিপত্র পর্যালোচনা করে গত ২৮ জুলাই বিবাদীপক্ষকে কারণ দর্শানোর নির্দেশ দেন। পরবর্তী সময়ে গত ২৯ সেপ্টেম্বর সিলেটের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত বিরোধপূর্ণ জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশি তফসিলভুক্ত জমিতে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত ৩ অক্টোবর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত থেকে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল।
মামলার বিবাদী ও বাড়িটির দখলদার মোফাজ্জল আলীর বিরুদ্ধে আদালতের জারি করা আদেশ গ্রহণের জন্য বাড়ির কেয়ারটেকারকে অনুরোধ করা হলে তিনি তা গ্রহণে অপারগতা জানান। পরে মুঠোফোনে লন্ডনপ্রবাসী বিবাদী মোফাজ্জল আলীর সঙ্গে যোগাযোগ করিয়ে দিলে তিনি আদালতের জারিকারকের সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন এবং নোটিশ গ্রহণে আপত্তি জানান। পরে অবশ্য তিনি আদালতের জারির নোটিশ গ্রহণে সম্মত হন।
অন্যদিকে মামলার বাদী মো. মকবুল আলী অভিযোগ করে বলেন, তার ভাই মোফাজ্জল আলী জোরপূর্বক তার ও অন্য ভাইদের সম্পত্তি দখল করেছেন। এমনকি ভাড়াটে সন্ত্রাসীদের সহায়তায় তাদের অংশে বাড়ি নির্মাণ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
