সংবাদ বিজ্ঞপ্তি · ১৮ অক্টোবর, ২০২৬ ৭:২৩ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই পর্ব, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বাদ জোহর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার ২৫টি মাদ্রাসার হিফজ বিভাগের ১২২ জন শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বাছাই পর্বে সেরা স্থান অর্জনকারী বিজয়ী ক্বারী ও হাফেজদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি হাফিজ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমেদ বিশ্বনাথী।
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর যুগে তরুণ ও শিশু-কিশোরদের সঠিক পথ দেখাতে কুরআনের প্রতিযোগিতার আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সমাজে কুরআনী সংস্কৃতি ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।
সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাহেদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামেয়া মুহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান। তিনি বলেন, কুরআন চর্চার মাধ্যমে সমাজকে আলোকিত করতে এবং যুবসমাজকে নৈতিক শিক্ষায় গড়ে তুলতে এ ধরনের আয়োজন প্রশংসনীয় ভূমিকা রাখবে। এতে আরও বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার সদস্যসচিব কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সিলেট জেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি হাফিজ ক্বারী আখতার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা হাতেম আহমেদ ও প্রচার সম্পাদক হাফিজ ক্বারী রিফাত হাসান।
অনুষ্ঠানে সংগঠনের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজ জুনাইদ আহমদ, সহসাংগঠনিক সম্পাদক হাফিজ রায়হান আহমদ, প্রচার সম্পাদক আবু ইউসূফ, সহঅর্থ সম্পাদক হাফিজ কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফিজ সিয়াম আহমদ ও আল আরাবিয়া সুবহানিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুখতার আহমদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও প্রবাস থেকে যারা আর্থিক সহযোগিতা করেছেন, তাদের প্রতি আয়োজকেরা কৃতজ্ঞতা জানান। পরে জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার শিক্ষার্থী রাফি আহমদের কোরআন তিলাওয়াত শেষে বিশেষ মোনাজাত করা হয়।
গুগলে আমাদের খবর পেতে
