আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রতিক সময়কালে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বড় হামলার মুখে সৌদি। মাসখানেক আগেই ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা নজিরবিহীন হামলার চালিয়ে ইয়েমেনের লোহিতসাগর উপকূলের বেশ কয়েকটি দ্বীপ দখল করেছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চলার পর, আরও খারাপ হয় পরিস্থিতি। দেশটির বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো এখন ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকির মুখে পড়েছে সাম্প্রতিক সময়ে। হুথি হামলা, সৌদির নিরাপত্তা, এসব কিছুর মধ্যে, সমীকরণ বদলাচ্ছে পশ্চিম এশিয়ায়।
এসবের মাঝেই বড় তথ্য। সৌদি আরবের উপর হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলা থেকে দেশটিকে রক্ষা করার জন্য এবার সাহায্যে ব্রিটেন। ব্রিটেন তাদের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করবে বলে মঙ্গলবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম অতিরিক্ত সামরিক সহায়তা প্রদানের অনুমোদন দিয়েছেন।
ইরান-সমর্থিত ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীটির আকাশপথে চালানো হামলা থেকে সৌদি আরবের শহরএবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় এই যুদ্ধবিমানগুলো সহায়তা করবে। এর আওতায় সৌদি আরবের ভিতরে প্রতিরক্ষা সরঞ্জাম পরিবহনের জন্য একটি ‘অ্যাটলাস এ৪০০এম’পরিবহন বিমান এবং সৌদি সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য ব্রিটিশ সামরিক উপদেষ্টারা নিযুক্ত থাকবেন। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী—ব্রিটিশ সরকার জানিয়েছে যে, যে বিমানগুলি তারা পাঠাচ্ছে সৌদি রক্ষার্থে, সেগুলি কেবল প্রতিরক্ষামূলক ভূমিকায় কাজ করবে, হুথিদের বিরুদ্ধে কোনও আক্রমণাত্মক অভিযান চালাবে না।
ব্রিটেন জানিয়েছে, সৌদি আরবের আত্মরক্ষামূলক বিমান অভিযানের জন্য তারা ‘এয়ার-টু-এয়ার রিফুয়েলিং’ (আকাশপথে জ্বালানি সরবরাহ) সহায়তা আরও ৯০ দিনের জন্য বাড়িয়ে দেবে।
https://www.youtube.com/watch?v=JwFdq_tA9cE
