মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪০ দুপুর
নিউজ ডেস্ক: শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন তিনি। প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বাসযোগে রংপুরের উদ্দেশে যাত্রা করার সময় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে দাঁড়ান তিনি।
কলেজের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের দেখে বাস থামান প্রধানমন্ত্রী। তাদের সঙ্গে সেলফি তোলেন এবং বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে প্রধানমন্ত্রী বাস থামান। পরে তাদের সঙ্গে সেলফি তোলেন এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন।
অধ্যক্ষ আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে কলেজের অবকাঠামো উন্নয়নের অনুরোধ জানানো হয়েছে। কলেজের জন্য দুটি ছাত্রাবাস ও একটি হলকক্ষ চাওয়া হয়েছে। এ বিষয়ে লিখিতভাবেও প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, রংপুরে ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বিমানে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন তিনি।