বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার দায়িত্বে থাকা টহল পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তার সহযোগী ও স্বজনেরা। এ ঘটনায় এএসআই উজ্জ্বল নামে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ২৮ মামলার আসামি রতন ব্যাপারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার দত্তবাড়ি অটোরিকশা স্ট্যান্ডে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রতন ব্যাপারী (২৯) তিনি চেলোপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, চুরি, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় রতন ব্যাপারীর বিরুদ্ধে ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে বগুড়া সদর থানায় রয়েছে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, মঙ্গলবার দুপুরে দত্তবাড়ি অটোরিকশা স্ট্যান্ডে টহল দেওয়ার সময় কয়েকজনকে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিতে দেখা যায়। এ সময় পুলিশ তাদের মধ্য থেকে রতনকে গ্রেপ্তার করে। পরে তার সঙ্গে থাকা লোকজন ও আশপাশের স্বজনেরা পুলিশের ওপর চড়াও হন এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে এএসআই উজ্জ্বল আহত হন।
ওসি বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রতন ব্যাপারীকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। আহত এএসআই উজ্জ্বলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আব্দুল মোমিন/এএমকে
