বরিশালের বানারীপাড়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করার সময় বিষাক্ত গ্যাসের কারণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এসএস প্রি-ক্যাডেট স্কুলসংলগ্ন ব্যবসায়ী রিয়াজ হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেনÑ উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন (৫০) এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ (৪২)।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান, দুপুরে নির্মাণাধীন ওই ভবনের সেপটিক ট্যাংকের ভেতর থেকে সেন্টারিংয়ের বাঁশ খুলতে গিয়ে দুই শ্রমিক ভেতরে নেমেছিলেন। এ সময় ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে তারা অসুস্থ হয়ে ভেতরেই পড়ে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
বানারীপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দুই শ্রমিককে ট্যাংকের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ট্যাংকের ভেতর অতিরিক্ত বিষাক্ত গ্যাসের উপস্থিতি থাকায় প্রথমে উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। পরবর্তীতে অক্সিজেন ব্যবহার করে গ্যাস অপসারণের পর তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানান, সেপটিক ট্যাংকে সেন্টারিংয়ের কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।