সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম
বান্দরবান সদরে পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার লেমুঝিড়ি ও পৌর এলাকার কালাঘাটার আশপাশে এসব ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ক্যথোয়াইউ মার্মা (৭), মেনুমং মার্মা (২৯), বায়োজিত (৪), উহ্লাথোয়াং মার্মা (৫), মো. শাহীন (১৬), অরিত্রি বড়ুয়া (৭), উমংসিং মার্মা (২১), জিকু দাশ (১০), মো. আইয়ুব (৪৫), মো. কামাল (৩৫), সুইসাইন মং মার্মা (৪), চপ্লিং ম্রো (১১), উসাইসিং মার্মা (১২), সংপ্রু ম্রো (১০), চুওয়াইথুই মার্মা (২৭), লক্ষীদেবী তঞ্চঙ্গ্যা (৩৫), ইসরাত জাহান (৬) ও তামান্না (৫)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুইগ্যচিং মার্মা বলেন, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কালাঘাটা ও সদর ইউনিয়নের লেমুঝিড়ি এলাকায় একটি কুকুরের কামড়ে ১৮ জন আহত হয়েছেন। সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় শিশু, নারী ও পুরুষদের ওপর কুকুরটি আক্রমণ করে। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা চিংইয়ায় থুই মারমা (২৭) খামারে যাওয়ার পথে বঙ্গঝিড়ি সড়কে কুকুরটির কামড়ের শিকার হন। অন্যদিকে, লেমুঝিড়ি এলাকার লক্ষীদেবী তঞ্চঙ্গ্যা (৩৫) বাজার থেকে বাড়ি ফেরার পথে আগাপাড়ায় কুকুরটির আক্রমণে আহত হন।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, সোমবার শহরের বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে ৬৭ জন, আগস্টে ১১৩ জন এবং সেপ্টেম্বরে ১১৫ জন কুকুরের কামড়ের শিকার হয়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিয়েছেন। এ হিসাবে গত তিন মাসে মোট ২৯৫ জন কুকুরের কামড়ের পর টিকা নিয়েছেন।
বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মজুরুল হক বলেন, আগে বেওয়ারিশ কুকুর মেরে ফেলা হতো। তবে বর্তমানে এসব কুকুর নিধনের সুযোগ নেই। বেওয়ারিশ কুকুরগুলোকে টিকাদানের আওতায় আনা যায় কি না, তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
