সাকিবুল হাছান
টানা ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার অধিকাংশ সড়ক ও অলিগলিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে হাঁটু থেকে কোমরসমান পানিতে দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। অনেক এলাকায় দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে।
বনানী, বিজয় সরণি, কারওয়ান বাজার, শান্তিনগর, ধানমন্ডি-২৭, নিউমার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, গ্রিন রোড, মতিঝিল, পুরান ঢাকা এবং মিরপুরের বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। আরামবাগ, ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, খিলগাঁও ও গুলিস্তানেও জলাবদ্ধতায় মানুষের চলাচল ব্যাহত হয়।
ভারী বৃষ্টিতে তেজগাঁও ও মগবাজার এলাকার রেলপথ পানিতে তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল ধীরগতিতে পরিচালিত হয়। অন্যদিকে বিমানবন্দর সড়ক, কালশী, কাজীপাড়া, পল্লবী ও মিরপুরের বিভিন্ন এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। অনেক স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি বিকল হয়ে পড়ে।
গণপরিবহন সংকটের কারণে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। কোথাও কোথাও রিকশাভাড়া স্বাভাবিকের দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জলাবদ্ধতার কারণে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠন ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে। সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ রোববারের সব ক্লাস ও পরীক্ষা বাতিল করে।
টানা বর্ষণে গুলশান লেকের পানি উপচে গুলশান-শাহজাদপুর সংযোগ সড়কের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র্যাম্পের নিচেও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ভারী বৃষ্টির মধ্যে একটি বড় গাছ বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর ভেঙে পড়ে। এতে কেউ হতাহত না হলেও বাসটি ক্ষতিগ্রস্ত হয়।
ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহীদ উদ্দিন বলেন, রাজধানীর ড্রেনেজ ব্যবস্থা পুরোনো ও অপর্যাপ্ত হওয়ায় অল্প সময়ের ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে না তুললে এ সমস্যা দীর্ঘমেয়াদে সমাধান হবে না।
পরিস্থিতি মোকাবিলায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন অঞ্চলভিত্তিক কুইক রেসপন্স টিম মাঠে নামিয়েছে। জলাবদ্ধতা নিরসনে কমলাপুর ও ধোলাইখালে উচ্চক্ষমতাসম্পন্ন পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশনের কাজও চালানো হচ্ছে।
