Published on
:
2 min read
মধ্যরাতেও যিনি পোস্ট করেন মনের কথা, হঠাৎ কি সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলেন অভিনেতা? সম্প্রতি, একটি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। যা নিয়ে চিন্তায় ভক্তেরাও। বিগবি প্রায়ই তাঁর এক্স হ্যান্ডলে বিভিন্ন ব্লগ শেয়ার করেন। কিন্তু কিছুদিন ধরে অভিনেতা একটিও পোস্ট করেননি। যা তাঁর ভক্তদের জন্যও চিন্তার কারণ। কী এমন হয়েছে অভিনেতার? একটি পোস্টে ব্লগ লিখতে না পারার কারণ ব্যাখ্যা করেছেন অভিনেতা। যা দেখে ভক্তেরা আরও উদ্বিগ্ন। অভিনেতা জানিয়েছেন, তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলেই তিনি কিছু লিখতে পারছেন না। অমিতাভের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
৮৪ বছর বয়সেও অমিতাভ প্রায়ই তাঁর এক্স হ্যান্ডলে ভক্তদের সঙ্গে নিজের মনের কথা শেয়ার করেছেন। অভিনেতা প্রতি রবিবার বাড়ির বাইরেও ভক্তদের সঙ্গে দেখা করেন। বিগবি-কে একঝলক দেখতে অনুরাগীরাও ছুটে আসেন বার বার। অভিনেতা বেশ কিছুদিন ধরে তাঁর এক্স হ্যান্ডলে কোনও ব্লগ পোস্ট করেননি। এ বার তিনি একটি পোস্টের মাধ্যমে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। নিজের পোস্টে অভিনেতা বলেছেন, ‘দুঃখিত। আমি ক্ষমা চাইছি। আমাকে বিশ্রাম ও সুস্থ হওয়ার জন্য কয়েকদিন ছুটি নিতে বলা হয়েছে। তাই এই মুহূর্তে কিছু লেখার মতো অবস্থায় আমি নেই।’
বিগবি-র পোস্ট দেখার পরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তেরাও। কেন হঠাৎ অভিনেতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, সেই বিষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কেউ কেউ। তবে ঠিক কোন সমস্যায় তাঁকে এমন পরামর্শ দেওয়া হয়েছে, তা অভিনেতা নির্দিষ্ট করে কিছু বলেননি। যে কারণে ভক্তেরাও তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তায়।
প্রসঙ্গত, সম্প্রতি হাঁটুতে চোট পেয়েছেন অভিনেতা। ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র শুটিংয়ের সময়ে তিনি পিছলে পড়ে হাঁটুতে চোট পান। অভিনেতা নিজেই ‘কেবিসি’-র একটি পর্বে এই তথ্যটি শেয়ার করেছেন। তবে তাঁর হাঁটুর চোট গুরুতর নয়।
