এ দেশ, এ মাটি সবার। আমরা কেউ বাইরে থেকে আসিনি। আপনার রক্ত লাল, আমার রক্তও লাল। ভোটের আগেও বলেছি, আপনার একটি ভোট, আমারও একটি ভোট। আপনার অধিকার যেমন সমান, আমার অধিকারও তেমন সমান।
দিনাজপুরের হাকিমপুরে (হিলি) দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, তিনি মন্ত্রী হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন, কিন্তু আইন তাঁর জন্য যা, অন্য সবার জন্যও তা-ই। আইনের চোখে সবাই সমান। হিন্দু, মুসলমান, খ্রিষ্টান ও বৌদ্ধ—এগুলো মানুষের ধর্মীয় পরিচয়। তবে সবাই হাকিমপুরের বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক।
মন্ত্রী আরও বলেন, সবার অধিকার সমান। কোনো ধর্মেই খারাপ কাজকে উৎসাহিত করার শিক্ষা দেওয়া হয়নি। বরং সব ধর্মেই অন্যায়কে নিরুৎসাহিত করা হয়েছে। অন্যায়কে অন্যায় বলতে হবে এবং কোনো অবস্থাতেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না।
তিনি বলেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও সবাই একই দেশের নাগরিক। পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও সমান অধিকার নিশ্চিত করার মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
এ সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী।
