ভারতে নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে ছড়িয়ে পড়া জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তাদের ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করেছে।
ভিডিও বার্তায় নেহা বোরা বলেন, ভারতে বিভিন্ন জায়গায় যে জেন-জি আন্দোলন দেখা যাচ্ছে, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। ভারতের তরুণ সমাজকে অনুপ্রেরণা জোগানো এবং তাদের পাশে থাকার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।
নেহা বোরা বলেন, বাংলাদেশে শুরু হওয়া আন্দোলন ছিল গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই। ভারতে বর্তমানে চলমান বিক্ষোভের লক্ষ্যও একই ধরনের বলে তিনি মন্তব্য করেন।
বাংলাদেশের শিক্ষার্থীদের সংগ্রামের প্রসঙ্গ টেনে আইসা সভাপতি বলেন, বাংলাদেশে শিক্ষার্থীরা যেভাবে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, ভারতের তরুণেরাও বর্তমানে মোদি সরকারের বিরুদ্ধে একই ধরনের লড়াই চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ ও ভারতের শিক্ষাঙ্গনের পরিস্থিতির তুলনা করে তিনি আরও বলেন, বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ক্রমবর্ধমান চাপ এবং সমালোচনামূলক চিন্তাভাবনা দমনের প্রচেষ্টার সঙ্গে ভারতের শিক্ষাঙ্গনে উগ্রবাদী প্রভাব বিস্তারের মিল রয়েছে।
বাংলাদেশের তরুণদের প্রতি সংহতি জানিয়ে নেহা বোরা বলেন, বাংলাদেশের আন্দোলন থেকে তাঁরা অনুপ্রেরণা পেয়েছেন এবং অনেক কিছু শিখেছেন। দুই দেশের তরুণেরা একসঙ্গে কাজ করে একটি উন্নত দক্ষিণ এশিয়া গড়ে তুলতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
সম্প্রতি পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিও ছড়িয়ে পড়ার পর ভারতের জেন-জি আন্দোলনের আলোচিত মুখ হিসেবে উঠে আসেন নাট্যকর্মী ও আন্দোলনকর্মী নেহা বোরা। নির্বাচনী সংস্কার ও ভিন্নমত প্রকাশের স্বাধীনতাসহ বিভিন্ন দাবিতে মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন তিনি।
The post ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা appeared first on ভোরের চেতনা.
