মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। অনিবার্য কারণ দেখিয়ে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের প্রবেশ ও ভ্রমণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার রাঙামাটির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশত এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।
এদিকে জেলা প্রশাসনের এ ঘোষণার আগে বুধবার বিকেলে সাজেকে যাতায়াতের সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণার কথা জানায় সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে এ কর্মসূচি পুনরায় কার্যকর করার ঘোষণা দিয়েছে সংগঠন দুটি।
বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এ কর্মসূচির কথা জানান। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবারের মধ্যেই পর্যটন এলাকা ছেড়ে যাওয়ার অনুরোধ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে এবং বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে গত ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। পূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় বৃহস্পতিবার থেকে পূর্বঘোষিত কর্মসূচি আবারও শুরু করা হবে।
অবরোধ চলাকালে সাধারণ যাত্রী ও পর্যটকবাহী যানবাহন চলাচল বন্ধ রাখার পরিকল্পনার কথা জানিয়েছে আয়োজকরা। তবে জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
কর্মসূচির কারণ হিসেবে এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের ভাষ্য অনুযায়ী, সশস্ত্র সন্ত্রাসীদের উৎপাত বন্ধের দাবি তুলে ধরা হয়েছে।
জেলা প্রশাসনের পর্যটনকেন্দ্র বন্ধের নির্দেশনা ও সংগঠন দুটির অবরোধ কর্মসূচির কারণে সাজেকের পর্যটন কার্যক্রম এবং সড়ক যোগাযোগ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার সাজেকগামী পর্যটকবাহী যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে সাজেক ভ্রমণে আগ্রহী পর্যটকদের যাত্রার আগে জেলা প্রশাসনের নির্দেশনা এবং সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
The post রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, বন্ধ ঘোষণা সাজেক ভ্যালি। appeared first on Ctgtimes.com.
