ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীসহ উপকূলীয় এলাকায় নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে কোস্টগার্ড।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ভোলার শিবপুরের ভোলার খাল এলাকার জেলে পল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার জামিলুল রহমান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন এবং সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরো বলেন, জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। এছাড়া জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও অব্যাহত রয়েছে।
লে. কমান্ডার জামিলুল রহমান বলেন, “আমরা বিশ্বাস করি, আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য।” মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘনসহ যেকোনো অনিয়মের তথ্য জানাতে তিনি সর্বসাধারণকে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার আহ্বান জানান।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
