কিছুদিন পরপরই অস্থির হয়ে ওঠে পাকিস্তানের ক্রিকেট। মাঠের পারফরম্যান্সের চেয়ে আলোচনার কেন্দ্র হয়ে ওঠে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিতর্কিত সিদ্ধান্ত ও আচরণ। তবে মাঠের ক্রিকেটে বাবর-শাহিনরা যে ধারাবাহিক নন এটি সত্যি। সেই প্রসঙ্গ তুলে অল্প খ্যাতি পেলেই প্রতিভাবান ক্রিকেটাররা আর পরিশ্রম করেন না বলে দাবি করেছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের এক অনুষ্ঠানে হাজির হয়ে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের উদ্দেশে বার্তা দিয়েছেন নাকভি। পিসিবি প্রধান বলেন, ‘আমি এমন অনেক ক্রিকেটার দেখেছি যারা একটু খ্যাতি পেলেই কঠোর পরিশ্রম করা ছেড়ে দেয়। এটি এমন এক খেলা যেখানে আপনাকে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে। অথচ আপনার খুব ভালো খেলোয়াড়ও দলে এসে নিজেদের নষ্ট করে ফেলে।’
আরও পড়ুন
নাকভির প্রশ্ন, প্রায় ২৪ কোটি জনসংখ্যার দেশ পাকিস্তানে প্রতিভাবান খেলোয়াড়ের বিশাল ভাণ্ডার থাকা সত্ত্বেও জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটারদের কেন মৌলিক দক্ষতা শেখাতে হয়। তিনি বলেন, ‘আমরা নিজেরাও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। জাতীয় দলেও তাদের (ক্রিকেটার) সবকিছু শেখাতে হচ্ছে। কোচরা আমাকে বলতেন যে, তারা খেলোয়াড়দের অমুক-তমুক বিষয় শেখাচ্ছেন। অথচ আপনারা ২৪ কোটি মানুষের একটি জাতি। সেখান থেকে মাত্র ১৪ জনকে বেছে নেওয়ার পরও যদি তাদের সবকিছু নতুন করে শেখাতে হয়, তবে আর লাভ কী?’
ক্রিকেটারদের কড়া বার্তা দিলেও নির্দিষ্ট কোনো ক্রিকেটারের নাম উল্লেখ করেননি পাকিস্তানের এই স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সম্মিলিত প্রচেষ্টায় দেশটির ক্রিকেটে সাফল্য আসবে বলে মনে করেন তিনি, ‘এসব আমাদেরই ভুল। আমি এটি নির্দিষ্ট কাউকে বলছি না। আমাদের নিজেদের ভুল নিজেদেরই ঠিক করতে হবে। আমরা সেই প্রক্রিয়া চালিয়ে যাব।’

পাকিস্তান ক্রিকেটে প্রতিভার অভাব নেই, তবে তাদের কাজে লাগাতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেট সংস্থাগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানালেন পিসিবির সর্বোচ্চ এই কর্মকর্তা। একইসঙ্গে নাকভি স্কুল ক্রিকেটে জোর দেওয়ার পাশাপাশি প্রতিভাবান ক্রিকেটারদের চিহ্নিত করে পাইপলাইনে যোগ করার লক্ষ্যে ঘরোয়া ক্রিকেটে মনোযোগী হতে বলেছেন। এ ছাড়া তরুণ ক্রিকেটারদের পিএসএল ফ্র্যাঞ্চাইজির অধীনে প্রশিক্ষণ দেওয়ারও দাবি তার।
বর্তমানে ঘরের মাঠে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচ জিতে ভালো অবস্থানে আছে পাকিস্তান। এরপর তারা শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে। সেই লড়াইয়ের জন্য ঘোষিত দলে বেশকিছু তরুণ মুখকে ডেকেছে পাকিস্তান। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সে নজর কাড়া সামির মিনহাস, মোহাম্মত তাহা, মোহাম্মদ সুলেমান প্রথমবার টেস্টের জন্য সুযোগ পেয়েছেন। বাবর আজমের নেতৃত্বাধীন দলে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক শান মাসুদ। ৯ থেকে ২১ নভেম্বর চলবে এই সিরিজ।
এএইচএস
