গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মাছবাহী একটি পিকআপের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী বাবা ও তাঁর ছয় বছর বয়সী শিশুকন্যা নিহত হয়েছেন। রবিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) এবং তাঁর মেয়ে সামিরা আক্তার (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মুকসুদপুরের দিকে যাওয়া একটি যাত্রীবাহী অটোভ্যান মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজের ওপর পৌঁছালে গোপালগঞ্জগামী একটি মাছের পিকআপ সেটিকে সজোরে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ভ্যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালকসহ যাত্রীরা ছিটকে পড়েন। পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বাবা ও মেয়েকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’
