অনলাইন ডেস্ক
দক্ষিণ ইরানের কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে মার্কিন হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক দম্পতি এবং তাদের দুই বছর বয়সী সন্তান রয়েছে। হামলায় আহত পরিবারের অপর দুই শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ফার্স বার্তা সংস্থা ও হরমুজগান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সেসের বরাত দিয়ে জানা গেছে, হামলার পর ধ্বংসস্তূপ থেকে নিহত দম্পতি ও তাদের শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে ধ্বংসস্তূপ থেকে সাত ও নয় বছর বয়সী দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রথমদিকে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ধ্বংসস্তূপ থেকে তৃতীয় এক শিশুকে উদ্ধারের খবর জানিয়েছিল। পরে ফার্স বার্তা সংস্থা নিশ্চিত করে যে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া তিনজনের মরদেহ একই পরিবারের সদস্যদের।
হামলার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
