কোনো মামলায় গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকিও রয়েছে বলে জানিয়েছে দূতাবাস।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।
পোস্টে দূতাবাস জানায়, কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। এ ছাড়া তাকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রেও তিনি অযোগ্য বিবেচিত হতে পারেন।
দূতাবাসের এ বার্তায় ভিসাধারীদের গ্রেপ্তারের সম্ভাব্য অভিবাসনগত পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। এতে স্পষ্ট করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই যে দেশটিতে প্রবেশ বা অবস্থানের সুযোগ সব পরিস্থিতিতে নিশ্চিত, তা নয়। ব্যক্তির পরিস্থিতি এবং প্রযোজ্য আইন অনুযায়ী ভিসার বৈধতা ও যুক্তরাষ্ট্রে অবস্থানের যোগ্যতা প্রভাবিত হতে পারে।
এর আগে আরেকটি ফেসবুক পোস্টে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসার ব্যবহার সম্পর্কে তথ্য জানিয়েছিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সেখানে বলা হয়, এ ধরনের ভিসায় পর্যটন, অবকাশযাপন, কেনাকাটা, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক এবং সভা ও সম্মেলনে অংশ নেয়ার মতো কাজে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ থাকতে পারে।
বি১/বি২ ভিসা মূলত স্বল্পমেয়াদি ব্যবসায়িক সফর ও পর্যটনসহ নির্দিষ্ট কিছু অস্থায়ী ভ্রমণের জন্য ব্যবহৃত হয়। তবে এ ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে গিয়ে সাধারণ চাকরি বা অনুমোদনহীন কর্মসংস্থানে যুক্ত হওয়া যায় না। ভ্রমণের উদ্দেশ্য এবং ভিসার শর্ত অনুযায়ী এর ব্যবহার নির্ধারিত হয়।
https://www.facebook.com/bangladesh.usembassy/
