কালবেলা · সাধারণ
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ আটক
১২/১০/২০২৬

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযানে আরও ৩৫৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। এ নিয়ে গত ১৮ সেপ্টেম্বর থেকে চলমান অভিযানে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৯ জনে। তাঁদের মধ্যে আট শতাধিককে বিভিন্ন অপরাধে আদালতে সোপর্দ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। কুমিল্লা মহানগরীসহ জেলার কিশোরদের উৎপাত ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) অংশ নেয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে অংশ নেন।
আটক কিশোরদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান বলেন, উঠতি বয়সের কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর কিশোর গ্যাং সদস্যদের হাতে স্কুলছাত্র অপ্রতিম নিহত হওয়ার ঘটনার পর জেলার ১৮টি থানা এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আটক ২ হাজার ৬৪৯ জনের মধ্যে আট শতাধিককে বিভিন্ন অপরাধে আদালতে পাঠানো হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗