Published on
:
1 min read
বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগমের পুরনো মন্তব্য ঘিরে বিতর্ক ফের তুঙ্গে। কন্নড় গান গাওয়ার অনুরোধের সঙ্গে পহেলগামের জঙ্গি হামলার তুলনা টেনে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই মন্তব্যের জেরে এ বার কর্নাটকের মানুষের কাছে ক্ষমা চাইলেন গায়ক। জানালেন, সম্পর্ক বাঁচাতে হলে হাজার বার ক্ষমা চাইতেও তাঁর আপত্তি নেই। আগামী ২৪ অক্টোবর বেঙ্গালুরুতে তাঁর কনসার্টের আগে এই ক্ষমাপ্রার্থনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি একটি ভিডিয়ো বার্তায় কর্নাটকের মানুষের উদ্দেশে নিজের বক্তব্য রেখেছেন সোনু। তাঁদের ‘পরিবার’ বলে সম্বোধন করে গায়ক জানান, গত ৩০ বছর ধরে কর্নাটকের মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সম্মান পেয়েছেন, তা তাঁর কাছে অত্যন্ত মূল্যবান। কোনও ভুল বোঝাবুঝির কারণে সেই সম্পর্কে তিক্ততা তৈরি হোক, তা তিনি চান না।
সোনুর কথায়, ‘আপনি যখন কাউকে ভালোবাসেন এবং সেই সম্পর্কটা টিকিয়ে রাখতে চান, তখন হাজার বার ক্ষমা চাইতেও আপত্তি থাকে না।’ তাঁর আরও বক্তব্য, অনিচ্ছাকৃত ভাবে তাঁর কোনও কথায় যদি কর্নাটকের মানুষের মনে আঘাত লেগে থাকে, তা হলে তিনি আন্তরিক ভাবে দুঃখিত। গায়ক স্পষ্ট করেছেন, কর্নাটকের মানুষকে আঘাত করার কোনও ইচ্ছা তাঁর ছিল না। বরং দীর্ঘদিন ধরে সেখানকার শ্রোতাদের কাছ থেকে পাওয়া ভালোবাসার সম্পর্ক অটুট রাখতেই তিনি আগ্রহী।
সোনু নিগমের ‘দ্য রেভলিউশন ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে আগামী ২৪ অক্টোবর বেঙ্গালুরুর থানিসান্দ্রা মেন রোডের ভারতীয় মলে কনসার্ট হওয়ার কথা। সন্ধে ৭টা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। তার আগেই ক্ষমাপ্রার্থনা করে কর্নাটকের মানুষের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করলেন গায়ক।
