হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্যে বিভিন্ন সড়কে তালবীজ রোপণ করা হয়েছে। চলতি বছর উপজেলায় মোট ৮ হাজার ২০০টি তালবীজ রোপণের তথ্য পাওয়া গেছে।
বুল্লা মানবিক টিমের অর্থায়নে প্রথম পর্যায়ে ৯০০টি তালবীজ রোপণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সৌজন্যে বিভিন্ন সড়কে আরও ৩ হাজার তালবীজ রোপণ করা হয়। এ ছাড়া কামরুলের উদ্যোগে উপজেলার বিভিন্ন সড়কে আরও ৩ হাজার তালবীজ রোপণ করা হয়েছে।
বুধবার উপজেলার তেলিয়াপাড়া স্মৃতিস্তম্ভের মাঠে তালবীজ রোপণ করেন ইউএনও মো. মেহেদী হাসান। এ সময় হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) রাজিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, মৌজপুর থেকে ঘিলাতুলী সড়কে ৯০০টি, সুলতান থেকে শাহপুর পর্যন্ত ১ হাজার ১০০টি, গুমুটিয়া থেকে নদীর পাড় পর্যন্ত ৩০০টি, জলভাঙ্গা থেকে বানেশ্বর সড়কে ৩০০টি এবং আদাঐর থেকে মাল্লা রোডে ৪০০টি তালবীজ রোপণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এসব তালবীজ থেকে চারা গজিয়ে গাছ বেড়ে উঠলে এলাকার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি সড়কের সৌন্দর্য বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বজ্রপাতের ঝুঁকি কমানোর প্রচেষ্টায় সহায়ক হতে পারে।
