বলিউড শাহেনশা’র পোস্ট ঘিরে মায়ানগরীর সেলেবপাড়া থেকে অনুরাগীমহলে উদ্বেগ-উৎকণ্ঠা। বুধবার আচমকাই এক পোস্টে সোশাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন অমিতাভ বচ্চন। প্রবীণ অভিনেতা জানিয়েছেন, তাঁকে আপাতত দিন কয়েক বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেকারণেই কিছু কাজ থেকে বিরতি নিয়েছেন তিনি। আর বিগ বি’র মুখে এহেন খবর শুনেই তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে ভক্তদের কপালে ভাঁজ!
বিগত কয়েক দিনে সেই অভ্যেসে ভাঁটা পড়েছে! সেজন্যই নেপথ্যের কারণ জানিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন অমিতাভ বচ্চন।
বুধবার রাতে সোশাল মিডিয়া পোস্ট অমিতাভ লিখেছেন, “আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য আমাকে কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাই আপাতত আমি কিছুই লিখতে পারছি না।” উল্লেখ্য, শাহেনশা যে এই বয়সেও সোশাল মিডিয়ায় বর্তমান প্রজন্মের তারকাদের তুলনায় অনেক বেশি সক্রিয়, তা আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। নিয়মিত এক্স হ্যান্ডেল এবং ব্লগ পোস্টে রোজনামচা থেকে জীবনদর্শন নিয়ে লেখালেখি করেন। কিন্তু বিগত কয়েক দিনে সেই অভ্যেসে ভাঁটা পড়েছে! সেজন্যই নেপথ্যের কারণ জানিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন অমিতাভ বচ্চন। অক্টোবর মাসের গোড়ার দিকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে গুরুতর চোটে পেয়েছিলেন প্রবীণ অভিনেতা। সেকারণেই সম্ভবত চিকিৎসক তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
বয়স ৮৪ হলেও আজও জেন জি-র সঙ্গে পাল্লা দিয়ে শুটিং ফ্লোর কাঁপাতে সিদ্ধহস্ত শাহেনশা। বয়স যে তাঁর কাছে একটা সংখ্যামাত্র, তা বললে একেবারেই অত্যুক্তি হবে না। বুড়ো হাড়েই সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন-রিয়ালিটি শোয়ে বাজিমাত করছেন। সোশাল মিডিয়ায় নিত্যদিনের আপডেট শেয়ারেও বিন্দুমাত্র বিলম্ব করেন না তিনি। বার্ধক্যের ক্লান্তি-আলস্য কোনও কিছুই তাঁকে ছুঁতে পারেনি। বরং আজও একটা দিন কাজ না করলে ভালো লাগে না বিগ বি’র। বয়সের সঙ্গে অনেকেই কাজের পরিসর কমিয়ে আনেন কিন্তু, স্রোতের বিপরীতে হাঁটতেই স্বচ্ছন্দ শাহেনশা। তাই এই বয়সেও অক্লান্তভাবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনা করে চলেছেন তিনি। তবে এবার ক’টা দিন বিশ্রামে থাকবেন বলে জানিয়েছেন তিনি।
