প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৫০ পিএম আপডেট: ১৯.১০.২০২৬ ৯:৩৫ পিএম
সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাধে কাধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান মন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের সব মানুষের সবচেয়ে বড় পরিচয়, তারা সবাই বাংলাদেশের সন্তান। পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধান মন্ত্রী এসব কথা বলেন।
প্রধান মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী সময়ে গণতন্ত্র রক্ষার আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সব ধর্মের মানুষ অসাম্প্রদায়িক চেতনা নিয়ে কাধে কাধ মিলিয়ে লড়াই-সংগ্রাম করেছেন। এসব আন্দোলন-সংগ্রামে কারও ধর্মীয় পরিচয় মুখ্য ছিল না। দেশের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও আত্মত্যাগই জাতীয় ঐক্যের ভিত্তি।
তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও কর্তব্য রয়েছে। নাগরিক হিসেবে নিরাপত্তা পাওয়ার নিশ্চয়তা সব ধর্মের মানুষের মৌলিক অধিকার। ধর্মীয় পরিচয়ের কারণে কোনো নাগরিকের অধিকার ক্ষুণ্ন হওয়া উচিত নয়।
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ উল্লেখ করে প্রধান মন্ত্রী বলেন, সমাজে বিভেদ ভুলে একে অপরের পাশে দাড়াতে হবে। মানুষকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার মধ্য দিয়ে সবাইকে একসঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে।
প্রধান মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষের পরিচয় ও অধিকার সবার জন্য সমান। তাই ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য সুদৃঢ় করতে হবে। একটি সম্প্রীতিপূর্ণ ও বৈষম্যহীন দেশ গড়ে তুলতে সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
শারদীয় দুর্গাপূজার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাম্প্রদায়িক সম্প্রীতি, নাগরিক অধিকার এবং জাতীয় ঐক্যের বিষয়টি গুরুত্ব পায়।