নেতৃত্বে পরিবর্তন এসেছে, কিন্তু বাংলাদেশের পুরোনো চ্যালেঞ্জগুলো এখনো কাটেনি! নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে প্রথম ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে তাই একাধিক বিষয় নিয়ে ভাবতে হচ্ছে দলকে। এর মধ্যে সবচেয়ে বড় দুশ্চিন্তা মেহেদী হাসান মিরাজকে ঘিরে। জ্বরে আক্রান্ত এই অলরাউন্ডারকে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাওয়া যাবে কি না, তা নিশ্চিত করতে পারেননি লিটন।
আজ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের অভিযান। স্বাগতিকদের পাশাপাশি সিরিজের অন্য দল আফগানিস্তান। এর আগে জিম্বাবুয়ের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই সিরিজে দলের নেতৃত্বে ছিলেন মিরাজ। সিরিজ শেষে অধিনায়কত্ব ছেড়ে দিলে তাঁর জায়গায় দায়িত্ব পান লিটন। এবার সেই জিম্বাবুয়ের বিপক্ষেই নতুন অধিনায়কের প্রথম পরীক্ষা।
মিরাজের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘ম্যাচের বিষয়টি এখনও বলতে পারছি না, তবে যতটুকু আমি জানি ও একটু জ্বরে ভুগছে। তাই আমি আশা করি যে ও সুস্থ হয়ে উঠবে এবং খেলতে পারবে।’
মিরাজের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও দলের নতুন সম্ভাবনা হিসেবে আলোচনায় রয়েছেন আলিস আল ইসলাম। বাংলাদেশের হয়ে এখনো ওয়ানডে অভিষেক হয়নি এই রহস্য স্পিনারের। এশিয়ান গেমসে টি-টোয়েন্টি অভিষেকের পর এবার তাকে ওয়ানডে দলে জায়গা দিয়েছে বাংলাদেশ। লিটনের চোখে, আলিসকে আন্তর্জাতিক ওয়ানডেতে সুযোগ দেওয়ার জন্য এটাই উপযুক্ত সময়।
আলিসের সামর্থ্য নিয়ে নিজের আস্থার কথা জানিয়ে অধিনায়ক বলেন, ‘আলিস সীমিত ওভারের ক্রিকেটে অনেক ভালো। বিশেষ করে যখন টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলা হয় বাংলাদেশে, সে নিজেকে প্রমাণ করেছে। তো আমার মনে হয় এটাই উপযুক্ত সময় তাকে দলের সাথে যুক্ত করার এবং দলের সাথে থেকে সে যদি এখান থেকে অনেক কিছু করতে পারে এবং বাংলাদেশ দলকে দিতে পারে, তাহলে বাংলাদেশ দলের জন্যই লাভজনক হবে।’
তবে শুধু মিরাজের ফিটনেস কিংবা আলিসের অভিষেকই নয়, বাংলাদেশের সামনে বড় পরীক্ষা ব্যাটিংয়েও। সাম্প্রতিক ওয়ানডে ম্যাচগুলোতে ৫০ ওভার ব্যাটিং করে ইনিংস শেষ করতে পারেনি দল। জিম্বাবুয়ের বিপক্ষে আগের সিরিজেও একই দুর্বলতা চোখে পড়েছিল। এবার সেই চিত্র বদলাতে চান লিটন। তার মতে, ব্যাটিংয়ের দায়িত্ব শুধু ওপরের সারির ব্যাটসম্যানদের নয়; ছয় ও সাত নম্বরে যারা খেলবেন, তাদেরও ইনিংস শেষ করার মানসিকতা নিয়ে নামতে হবে।
ব্যাটিং ইউনিটের দায়িত্ব নিয়ে লিটন বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে, যেহেতু আপনি যে কথাটা বললেন যে আমরা এখানে ৫০ ওভারের খেলা খেলতে পারি নাই, এমনকি জিম্বাবুয়েতেও খেলতে পারি নাই। আমাদের দায়িত্ব থাকবে যারা ব্যাটিং করব আমরা ৬-৭ নম্বর পর্যন্ত, তারা যেন খেলাটা শেষ করে আসতে পারি।’
নতুন অধিনায়কের সামনে তাই শুরুতেই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিরাজ শেষ পর্যন্ত খেলতে পারবেন কি না, আলিস ওয়ানডে অভিষেকের সুযোগ পান কি না এবং বাংলাদেশের ব্যাটিং ইউনিট ৫০ ওভার পর্যন্ত নিজেদের টেনে নিতে পারে কি না-এসবের উত্তর মিলবে মাঠের লড়াইয়ে। নেতৃত্ব বদলের পর দলের পারফরম্যান্সে নতুনত্ব আনার চ্যালেঞ্জও থাকছে লিটনের সামনে!
ত্রিদেশীয় সিরিজ
প্রথম ওয়ানডে
বাংলাদেশ-জিম্বাবুয়ে
সরাসরি, সন্ধ্যা ৫টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস
