Published on
:
1 min read
এই সময়, তমলুক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। শেষে নিজস্ব স্থায়ী কার্যালয় পেতে চলেছে তমলুক সাংগঠনিক জেলা বিজেপি। প্রায় সাত বছর আগে শুরু হওয়া উদ্যোগ এ বার বাস্তবে পরিণত হতে চলেছে। আগামী ২৬ অক্টোবর নিমতৌড়ির কাছে কাকগেছিয়া এলাকায় প্রস্তাবিত জেলা কার্যালয়ের ভূমিপুজো হওয়ার কথা। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার আগে শনিবার প্রস্তাবিত কার্যালয়ের জমি পরিদর্শন করেন জেলা সভাধিপতি বামদেব গুছাইত, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় সিংহ-সহ দলের একাধিক নেতৃত্ব।
বর্তমানে তমলুক শহরের মানিকতলা সংলগ্ন এলাকায় ভাড়া বাড়িতে চলছে বিজেপির জেলা কার্যালয়। দলীয় সূত্রের খবর, ২০২১–এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতির কথা মাথায় রেখে ২০১৯–এর তমলুকের নিমতৌড়ির কাছে কাকগেছিয়া এলাকায় হলদিয়া-মেচেদা জাতীয় সড়কের পাশে ৩৪ ডেসিমল জমি কেনা হয়। দলীয় সূত্রের খবর, জমি কেনার জন্য প্রায় ৬৯ লক্ষ টাকা দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। জমিতে ভূমিপুজোও হয়। পরে পাকা ভবন নির্মাণের জন্য সরকারি নিয়ম মেনে জমির চরিত্র পরিবর্তন করা হয়। যদিও ২০২১–এর বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত ফল না হওয়ায় কার্যালয় নির্মাণের উদ্যোগ থমকে যায়। এ বার বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতৃত্বের পাঠানো ইঞ্জিনিয়ারদের একটি দল জমি পরিদর্শন করে ভবন নির্মাণের পরিকল্পনা করে। সেই পরিকল্পনায় সরকারি অনুমোদনও মিলেছে বলে দাবি বিজেপির। রাজ্যে বিজেপি সরকার গঠনের পরে এ বার নিজস্ব কার্যালয় তৈরির কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।
জেলা সভাধিপতি বামদেব গুছাইত বলেন, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থেকে দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ভূমিপুজো উপলক্ষে যজ্ঞ, নামসংকীর্তন এবং মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। জেলার সাংসদ, বিধায়ক, মন্ত্রী, ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং বহু দলীয় কর্মীদের উপস্থিত থাকার কথা।’ দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়িত হলে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাংগঠনিক কাজকর্মে নতুন পরিকাঠামো তৈরি হবে।
