The Sangbad · সাধারণ
এলপিজির দাম ও কমিশন বাড়ানোর প্রস্তাব, গণশুনানি করবে বিইআরসি
১৪/১০/২০২৬

রান্নায় বহুল ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে আগামী ২৯ অক্টোবর গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।শুনানিতে সরকারি এলপিজির দাম ও বেসরকারি এলপিজির মজুদ ও বোতলজাতকরণ খরচ, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে বুধবার এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে বিইআরসি।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার নিউ ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল হলে শুনানি হবে।বিইআরসি বলছে, সরকারি এলপিজির বর্তমান দাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে রাষ্ট্রায়ত্ত এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল)। বেসরকারি খাতের কয়েকটি এলপিজি মজুদ ও বোতলজাতকারী প্রতিষ্ঠান গ্যাসের দাম, মজুদ ও বোতলজাতকরণ খরচ এবং পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। এ ছাড়া কয়েকটি এলপিজি পরিবেশক প্রতিষ্ঠান তাদের কমিশন পরিবর্তনের জন্য আলাদা প্রস্তাব জমা দিয়েছে।এসব প্রস্তাবের বিষয়ে আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে আগামী ২৭ অক্টোবরের মধ্যে বিইআরসিতে লিখিত মতামত পাঠাতে বলা হয়েছে। গণশুনানিতে অংশ নিতে চাইলে একই সময়ের মধ্যে নাম নিবন্ধন করতে হবে। নিবন্ধিত অংশগ্রহণকারীরা শুনানিতে সরকারি ও বেসরকারি এলপিজির দাম, বোতলজাতকরণ খরচ, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন নিয়ে তথ্য, হিসাব ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে পারবেন। প্রতিষ্ঠানগুলোর জমা দেওয়া প্রস্তাব বিইআরসির কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। কমিশনের ওয়েবসাইটেও এসব প্রস্তাব পাওয়া যাবে।কমিশন বৃদ্ধিসহ কয়েক দফা দাবিতে বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে এলপি গ্যাসের সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার সকালে সচিবালয়ে এলপিজি আমদানিকারক ও অপারেটরদের সঙ্গে বৈঠক করেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে জ্বালানি মন্ত্রী হুঁশিয়ারি দেন, ধর্মঘট প্রত্যাহার না করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “বাজার পরিস্থিতিকে ব্যবসায়িক স্বার্থে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। এটাকে উপজীব্য করে দেশকে জিম্মি করার কোনো প্রচেষ্টা সরকার মেনে নেবে না।”সরকারের দুই মন্ত্রীর এই হুঁশিয়ারির পর এদিন বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদের সঙ্গে বৈঠক করে এলপি গ্যাসের দোকান বন্ধের কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, বিইআরসি চেয়ারম্যানের সঙ্গে সমিতির নেতাদের বৈঠকে এলপিজি খাতের সমস্যা ও ব্যবসায়ীদের দাবি পর্যালোচনা এবং সমাধানের লক্ষ্যে ২৯ অক্টোবর গণশুনানি আয়োজনের কথা বলা হয়। দাবিগুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস পাওয়ায় কেন্দ্রীয় নেতাদের সম্মতিতে দোকান বন্ধের কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗