শীতের রোদ গায়ে মেখে খোসা ছাড়িয়ে ভাজা বাদাম খেতে খেতে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া একসময় ছিল অবসর বিনোদনের অংশ। তবে সময়ের সঙ্গে বদলেছে অবসর কাটানোর ধরন। অবসর যাপনের জন্য এখন রয়েছে হাজারো উপায়। কিন্তু বাদামের প্রাসঙ্গিকতা ফুরিয়ে যায়নি। এখনো বন্ধুদের আড্ডায় বাদাম গুরুত্বপূর্ণ সঙ্গী। বাদাম পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খাবার। পুষ্টিবিদদের মতে, বিকেলে টুকটাক কিছু খেতে ইচ্ছে করলে একমুঠো বাদাম খাওয়া যেতে পারে। বিশেষ করে শীতের বিকেলে বাদাম খাওয়ার বেশ কিছু উপকার রয়েছে।
এই প্রতিবেদনে শীতের বিকেলে একমুঠো বাদাম খাওয়ার সম্ভাব্য উপকারগুলো তুলে ধরা হলো—
১. শরীরে শক্তি জোগায় : বাদামে প্রাকৃতিক তেল ও স্বাস্থ্যকর চর্বি থাকে, যা শরীরে শক্তি জোগাতে সাহায্য করে। শীতকালে শরীরের তাপমাত্রা বজায় রাখতেও বাদামের পুষ্টি ভূমিকা রাখতে পারে।
২. রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখতে সাহায্য করে : বাদামে থাকা বিভিন্ন ভিটামিন, জিংক, ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধব্যবস্থা সচল রাখতে সাহায্য করে। তবে শুধু বাদাম খেলেই শীতকালীন সর্দি-কাশি বা ফ্লু প্রতিরোধ করা যায়, এমন নয়।
৩. ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য উপকারী : শীতকালে আবহাওয়া শুষ্ক হয়ে যাওয়ায় ত্বক ও চুল রুক্ষ হয়ে পড়তে পারে। বাদামে থাকা ভিটামিন ই ও উপকারী ফ্যাটি অ্যাসিড ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক হতে পারে।
৪. হৃদ্যন্ত্রের সুস্থতায় সহায়ক : শীতকালে অনেকেরই মসলাদার ও মিষ্টিজাতীয় খাবার খাওয়ার প্রবণতা বাড়ে। এর প্রভাব পড়তে পারে স্বাস্থ্যে। পরিমিত পরিমাণে বাদাম খাওয়া হৃদ্যন্ত্রের জন্য উপকারী হতে পারে। বাদামে থাকা অসম্পৃক্ত চর্বি রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে হৃদ্রোগের ঝুঁকি কমাতেও এটি ভূমিকা রাখতে পারে।
৫. হাড় ও দাঁতের স্বাস্থ্যে সহায়ক : বাদামে ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান থাকে, যা হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তবে নিয়মিত বাদাম খেলেই বাতের ব্যথা বা অস্থিসন্ধির সমস্যা কমে যাবে, এমন নিশ্চয়তা নেই।
যা খেয়াল রাখা দরকার
বাদাম খাওয়ার সময় অতিরিক্ত লবণ এড়িয়ে চলাই ভালো। পাশাপাশি পরিমাণের দিকেও নজর রাখা জরুরি। প্রতিদিন একমুঠো, অর্থাৎ প্রায় ২৫–৩০ গ্রাম বাদাম অনেকের জন্য উপযুক্ত নাশতা হতে পারে। তবে বাদামের ধরন, ব্যক্তির শারীরিক অবস্থা ও দৈনিক খাদ্যাভ্যাস অনুযায়ী পরিমাণে তারতম্য হতে পারে।
তাই শীতের বিকেলে চা বা অন্য কোনো নাশতার সঙ্গে পরিমিত পরিমাণে বাদাম রাখতে পারেন খাদ্যতালিকায়।
