শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম মৃধা মারা গেছেন। বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নূর উদ্দিন আহমেদ অপু।
বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মৃধার মৃত্যুতে শোক প্রকাশ করে নিজের ফেসবুক পেজে একটি শোকবার্তা পোস্ট করেন হুইপ মিয়া নূর উদ্দিন আহমেদ অপু। শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
একজন বীর মুক্তিযোদ্ধা ও আইনজীবী হিসেবে আলহাজ্ব আবুল কাশেম মৃধা শরীয়তপুরের আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় আইনজীবী মহলসহ পরিচিতজনদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে।
শোকবার্তায় হুইপ মিয়া নূর উদ্দিন আহমেদ অপু মরহুমের জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।
