ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খোলা ও পরিচালনা, ঋণ গ্রহণ এবং ট্রেড লাইসেন্স নবায়নসহ বিভিন্ন সেবা পেতে ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) বা তালিকাভুক্তির প্রমাণক উপস্থাপন বাধ্যতামূলক করেছে সরকার। অর্থ আইন, ২০২৬-এর মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-তে নতুন বিধান যুক্ত করে এ বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। নতুন বিধান যথাযথভাবে অনুসরণ করতে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, অর্থ আইন, ২০২৬-এর মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর নতুন সংযোজিত ৪ ধারার উপধারা (৩)-এর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
নতুন বিধান অনুযায়ী, কোনো ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব কিংবা স্বল্পমেয়াদি আমানত (এসটিডি) হিসাব খুলতে ও পরিচালনা করতে গেলে বিআইএন বা তালিকাভুক্তির প্রমাণক দেখাতে হবে। একইভাবে এসব প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রেও এ প্রমাণক বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন, মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মার্চেন্ট হিসাব খোলা, বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন, ব্যবসা প্রতিষ্ঠানের নামে
বিদ্যুৎ ও গ্যাস সংযোগ নেওয়া এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের নামে যানবাহন নিবন্ধনের ক্ষেত্রেও বিআইএন বা তালিকাভুক্তির প্রমাণক উপস্থাপন করতে হবে।
অর্থ আইন, ২০২৬-এর মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৪ ধারায় নতুন উপধারা যুক্ত করা হয়েছে। এতে আগে থেকে থাকা উপধারা (১) ও (২)-এর বিধান যা-ই থাকুক না কেন, নির্দিষ্ট সাতটি ক্ষেত্রে বিআইএন বা তালিকাভুক্তির প্রমাণক বাধ্যতামূলকভাবে উপস্থাপনের কথা বলা হয়েছে।
এই সাতটি ক্ষেত্রের মধ্যে রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ব্যবসায়িক হিসাব খোলা ও পরিচালনা, ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন, এমএফএস মার্চেন্ট হিসাব খোলা, বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ ও নবায়ন, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠানের নামে যানবাহন নিবন্ধন। আইনটির ১ ধারায় বলা হয়েছে, অর্থ আইন, ২০২৬-এর ষষ্ঠ অধ্যায়ে উল্লিখিত জনস্বার্থে জারিকৃত ঘোষণাসাপেক্ষে আইনটি ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। এ বিষয়ে গতকাল সার্কুলার লেটারের মাধ্যমে ব্যাংকগুলোকে নতুন বিধানের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিল বাংলাদেশ ব্যাংক।
