রঞ্জি ট্রফির ম্যাচ খেলাবেন অস্ট্রেলিয়ান আম্পায়ারছবি: X
Published on
:
2 min read
ভারতের ঘরোয়া ক্রিকেটে এ বার বড় চমক। বিদেশি আম্পায়ারের হাতে থাকবে লাল বলের ক্রিকেটের টুর্নামেন্টের ম্যাচ পরিচালনার দায়িত্ব। ২০২৬-২৭ মরশুমে রঞ্জি ট্রফির দু’টি ম্যাচে আম্পায়ারিং করতে চলেছেন অস্ট্রেলিয়ার বেন ট্রেলোর (Ben Treloar)। ক্রিকেট অস্ট্রেলিয়া ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) মধ্যে আম্পায়ার বিনিময় কর্মসূচির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কারণে অস্ট্রেলিয়ায় আম্পায়ারিং করতে যাবেন ভারতের পরাশর যোশী। সেখানে শেফিল্ড শিল্ডের দু’টি ম্যাচ এবং ওয়ান ডে কাপের একটি ম্যাচে দায়িত্ব সামলাবেন তিনি।
রঞ্জিতে কোন কোন ম্যাচ খেলাবেন অজ়ি আম্পায়ার?
১৮ অক্টোবর রঞ্জিতে মুখোমুখি হয়েছে দিল্লি ও গুজরাট। এই ম্যাচে আম্পায়ারিং করাচ্ছেন বেন। তাঁর পরবর্তী দায়িত্ব ২৬ অক্টোবর থেকে শুরু হতে চলা মুম্বই বনাম হরিয়ানা ম্যাচ।
কে এই বেন ট্রেলোর?
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে আম্পায়ার হিসেবে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে বেন ট্রেলোরের। প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট-এ এবং বিগ ব্যাশ লিগে আম্পায়ারিং করেছেন তিনি। পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ায় ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ, ২০টি লিস্ট-এ ম্যাচ এবং বিগ ব্যাশ লিগের ৩৯টি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব সামলেছেন বেন। এর পাশাপাশি মেয়েদের ক্রিকেটে দু’টি ODI এবং চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচেও আম্পায়ারিং করেছেন তিনি।
তা ছাড়া ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের আম্পায়ার এডুকেশন অফিসার হিসেবে কাজ করেন ট্রেলোর। নতুন আম্পায়ারদের প্রশিক্ষণ দেওয়া এবং দক্ষতা বাড়ানোর দায়িত্ব রয়েছে তাঁর উপর।
অস্ট্রেলিয়ায় কোন কোন ম্যাচে থাকবেন পরাশর যোশী?
অন্য দিকে, পরাশর যোশীর অস্ট্রেলিয়া সফর শুরু হবে ১১ নভেম্বর থেকে। গাব্বায় কুইন্সল্যান্ড ও তাসমানিয়ার শেফিল্ড শিল্ড ম্যাচে আম্পায়ারিং করবেন তিনি। এর পরে ১৬ নভেম্বর ওয়ান ডে কাপের একটি ম্যাচে দায়িত্ব সামলাবেন। এর পরে নিউ সাউথ ওয়েলস বনাম কুইন্সল্যান্ড ম্যাচেও আম্পায়ারিং করবেন তিনি। ২২ থেকে ২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত হবে শেফিল্ড শিল্ডের এই ম্যাচ।
কে এই পরাশর যোশী?
২০১৫ সাল থেকে BCCI-এর আম্পায়ার প্যানেলের সদস্য পরাশর যোশী। ভারতীয় ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন প্রতিযোগিতায় নিজের অভিজ্ঞতা বাড়িয়েছেন তিনি। আম্পায়ার হিসেবে তাঁর কেরিয়ারে রয়েছে ন’টি প্রথম শ্রেণির ম্যাচ, ২৪টি লিস্ট-এ ম্যাচ এবং ৩০টি T20-তে দায়িত্ব পালনের অভিজ্ঞতা। ভারত ও অস্ট্রেলিয়ার এই আম্পায়ার বিনিময় কর্মসূচি দুই দেশের ম্যাচ অফিসিয়ালদের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ানোর সুযোগ করে দেবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।
