প্রযুক্তিনির্ভর জীবনে কম্পিউটার ও স্মার্টফোনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এসব ডিভাইসে জমছে অসংখ্য অপ্রয়োজনীয় ফাইল, ছবি, নথি ও অ্যাপ্লিকেশন। সময়ের সঙ্গে ডিজিটাল কর্মক্ষেত্র হয়ে উঠছে বিশৃঙ্খল। এ পরিস্থিতিতে ডিজিটাল ফাইল ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে আজ সোমবার (১৯ অক্টোবর) পালিত হচ্ছে জাতীয় ভার্চুয়াল ডেস্কটপ পরিষ্কার দিবস।
প্রতি বছর অক্টোবর মাসের তৃতীয় সোমবার দিবসটি পালন করা হয়। এর মূল লক্ষ্য হলো কম্পিউটারের ডেস্কটপ পরিচ্ছন্ন রাখা, অপ্রয়োজনীয় ফাইল অপসারণ এবং প্রয়োজনীয় তথ্য সুশৃঙ্খলভাবে সংরক্ষণে ব্যবহারকারীদের উৎসাহিত করা।
নতুন কম্পিউটার ব্যবহারের শুরুতে ডেস্কটপ সাধারণত বেশ গোছানো থাকে। কিন্তু সময়ের সঙ্গে বিভিন্ন কাজের প্রয়োজনে সেখানে জমা হয় নানা ধরনের ফাইল, ছবি, শর্টকাট ও অ্যাপ্লিকেশন। একপর্যায়ে গুরুত্বপূর্ণ নথি খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। পাশাপাশি ডেস্কটপের বিশৃঙ্খলা দৈনন্দিন কাজের ধারাবাহিকতায়ও বিঘ্ন ঘটাতে পারে।
প্রযুক্তি-সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ডিজিটাল ফাইল গুছিয়ে রাখলে সময় সাশ্রয় হয় এবং প্রয়োজনীয় তথ্য সহজে খুঁজে পাওয়া যায়। পুরোনো নথি নির্দিষ্ট ফোল্ডারে রাখা, অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা এবং বহুল ব্যবহৃত অ্যাপ্লিকেশন স্টার্ট মেনুতে পিন করে রাখার মাধ্যমে সহজেই পরিচ্ছন্ন ডেস্কটপ বজায় রাখা সম্ভব।
দিবসটি উপলক্ষে কম্পিউটার ও স্মার্টফোন থেকে অব্যবহৃত অ্যাপ্লিকেশন সরিয়ে ফেলা, ছবি ও নথির নাম যথাযথভাবে সাজানো এবং ই-মেইল থেকে অপ্রয়োজনীয় বার্তা মুছে ফেলার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ফাইল পেনড্রাইভ বা অন্য কোনো নিরাপদ সংরক্ষণমাধ্যমে ব্যাকআপ রাখা জরুরি। ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে অ্যান্টিভাইরাস সফটওয়্যার হালনাগাদ রাখা এবং নিয়মিত নিরাপত্তা পরীক্ষা করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
যেভাবে পালন করবেন দিবসটি, ভার্চুয়াল ডেস্কটপ পরিষ্কার দিবস উপলক্ষে কম্পিউটারের ডেস্কটপ থেকে অপ্রয়োজনীয় আইকন ও ফাইল সরিয়ে প্রয়োজনীয় নথিগুলো আলাদা ফোল্ডারে সাজিয়ে রাখা যেতে পারে। পুরোনো কিন্তু দরকারি ফাইল আর্কাইভে সংরক্ষণ এবং গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ তৈরি করাও দিবসটি পালনের অন্যতম উপায়।
পাশাপাশি পরিবারের সদস্য ও পরিচিতদের ডিজিটাল ফাইল ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা এবং ডিভাইসের কার্যকারিতা বজায় রাখার বিষয়ে সহযোগিতা করা যেতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত অভিজ্ঞতা ও পরামর্শ বিনিময়ের জন্য ব্যবহার করা যেতে পারে #CleanYourVirtualDesktopDay হ্যাশট্যাগ।
উল্লেখ্য, কানাডার অন্টারিও প্রদেশের ব্র্যান্টফোর্ডে অবস্থিত পারসোনাল কম্পিউটার জাদুঘর দিবসটি চালু করে। প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং কম্পিউটারকে পরিচ্ছন্ন, সচল ও কার্যকর রাখার বিষয়ে সচেতনতা তৈরিই দিবসটির অন্যতম উদ্দেশ্য।
The post আজ ডেস্কটপের ফাইল গোছানোর দিন appeared first on ভোরের চেতনা.
