নওগাঁর মান্দা উপজেলায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বন্ধ থাকা ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখার দায়ে মেসার্স রাজ ব্রিকস কর্তৃপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জলছত্র মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, গত মৌসুমে বন্ধ থাকা মেসার্স রাজ ব্রিকস নামের ইটভাটাটির প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখা হয়েছিল। এ ঘটনায় ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটাটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে ইটভাটা কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনকারী মো. নাজমুল হোসাইন বলেন, পরিবেশ সুরক্ষা ও সরকারি বিধিবিধান বাস্তবায়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো ইটভাটার নির্মাণকাজ পরিচালনা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
