পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে প্রমাণ হয়েছে সনাতন ধর্মের মানুষ কারও পকেটের ভোটার নয়। তারা স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের মানচিত্রের পক্ষে। গতকাল পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচপীর নিজ ইউনিয়নের সনাতন ধর্মের পাঁচ শতাধিক সনাতন ধর্মের মানুষকে দুর্গাপূজার উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে হিন্দু মুসলমান এক হয়ে লড়াই করে বাংলাদেশের পতাকা ছিনিয়ে এনেছে। অথচ সেদিন যারা এই দেশটাকে স্বাধীন হিসেবে দেখতে চায়নি বরং স্বাধীনতাকামী মানুষের ওপর অন্যায়-অত্যাচার করেছে— সেই সব আল-বদর-আল-শামস বাহিনীর জামায়াতে ইসলামের লোকজন এখন মব সৃষ্টি করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। সনাতনী ভাইদের কুপ্ররোচনা দিয়ে নিজের দলে ভেরাতে চাইছে। তাদের বিরুদ্ধে সনাতন সম্প্রদায়ের মানুষকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্যাপনের লক্ষ্যে সরকার ইতিমধ্যে প্রশাসনিকভাবে নিñিদ্র নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। বিএনপি দলীয়ভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে। কারণ, বিএনপি সরকার বিশ্বাস করে হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়নসহ বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
