গাজীপুরের শ্রীপুরে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ এবং ক্যানসার সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে লায়ন্স ক্লাব অব মাওনা শ্রীপুর।
অক্টোবর সেবা মাস–২০২৬ উপলক্ষে শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার বেলা ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫-এ৩ বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর ডা. আশাদুল্লাহ আহমেদ পিএমজেএফ এবং লায়নসের সাবেক জেলা গভর্নর এম এম এ বাশার পিডিজিসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
‘সেবায় সুস্থতা, নেতৃত্বে প্রেরণা’—‘Serve to Heal, Lead to Inspire’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়। পাশাপাশি শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়। দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগও নেওয়া হয়।
আয়োজকদের মতে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে লায়ন্স ক্লাব অব মাওনা শ্রীপুর দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. রেফাতুল্লাহ, লায়ন সৈয়দ নাসিম আহমেদ এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন ইমরান সাকিব, ডিস্ট্রিক্ট জিএলটি কো-অর্ডিনেটর লায়ন মো. নুরুল আলম এমজেএফ, ডিস্ট্রিক্ট এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন রিয়াদ মাহমুদ, ডিস্ট্রিক্ট লিও লিডার লায়ন এ আর খান এবং লিও ডিস্ট্রিক্ট সদস্য লায়ন সুজা শাহজাহান।
এ ছাড়া শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও বণিক বার্তার গাজীপুর জেলা প্রতিনিধি এস এম মাহফুল হাসান হান্নান, গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি, গাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক রাসেল আহমেদ, মশিউর রহমান নয়েজ, মোজাম্মেল হক, সুরুজ আহমেদ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা এবং লায়ন্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির সার্বিক আয়োজন ও স্পনসরশিপে ভূমিকা রাখেন লায়ন্স ক্লাব অব মাওনা শ্রীপুরের চার্টার প্রেসিডেন্ট লায়ন মো. মাজহারুল ইসলাম, চার্টার ট্রেজারার লায়ন মো. রফিকুল ইসলাম এবং অভিভাবক লায়ন মো. ওসমান গনি সুমন।
স্থানীয় উদ্যোক্তা ও ক্লাবের চার্টার প্রেসিডেন্ট লায়ন মো. মাজহারুল ইসলাম বলেন, আমাদের ক্লাব দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক সেবামূলক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে।
The post শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শ্রীপুরে এমপি বাচ্চুর উপস্থিতিতে লায়ন্স ক্লাবের কর্মসূচি appeared first on Dhaka Protidin.
